মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির গড়েছিলেন অরুণাচলম মুরুগানান্থম (Arunachalam Muruganantham)। সমাজ উদ্যোক্তাকে ‘প্যাডম্যান’ আখ্যা দেওয়া হয়েছিল। দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে বহুল প্রশংসিত তাঁর উদ্যোগ। এবার মুরুগানান্থমের মুকুটে নয়া পালক। ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কারের (Nobel peace award) জন্য মনোনীত হল তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়েছেন বাস্তবের ‘প্যাডম্যান’।

২০০৪ সালে বিশ্বের জন্য স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপনিক তৈরির মেশিন উপহার দেন মুরুগানান্থম। মহিলাদের শারীরিক সুস্থতার কথায় মাথায় রেখে যেভাবে অত্যাবশ্যকীয় স্যানিটারি ন্যাপকিন প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দিয়েছিলেন তা নিয়ে বড়পর্দাতে সিনেমাও তৈরি করে বলিউড। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন অরুণাচলম মুরুগানান্থম (Arunachalam Muruganantham)। বিশ্বজুড়ে যাঁর খ্যাতি এবার সেই সমাজকর্মী নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হতে পেরে নিজে কতটা উচ্ছ্বসিত? অরুণাচলম বলেন, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। এই পুরস্কারের জন্য আপনি নিজে বা আপনার বন্ধু-পরিবার কেউই নাম নথিভুক্তকরণের সুযোগ পায় না। এটি সম্পূর্ণ তৃতীয় পক্ষের সিদ্ধান্ত। পন্ডিচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালের ডিন এবং সেখানে কর্মরত আমেরিকান দল আমার নাম প্রস্তাব করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই তা গ্রহণ করা হয়। এই ঘটনায় আমি সত্যিই গর্বিত।”
–

–

–

–

–

–
–
