Sunday, May 17, 2026

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

Date:

Share post:

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার জন্য অভিযুক্ত করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কটাক্ষ করে বলেছিলেন , “সারা গ্রামাঞ্চলে আমাদের পশুদের জবাই করা হচ্ছে। সারা ভারত জুড়েও বিশাল কসাইখানা চালু রয়েছে।” ক্ষমতায় আসার ১২ বছর পর সংসদে প্রশ্নের জবাবে মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ১২.৩৮ লক্ষ মেট্রিক টন (প্রায় ১ কোটি ২৫ লক্ষ কুইন্টাল) মোষের মাংস রফতানি করা হয়েছে। এর থেকে দেশের আয় প্রায় ৪.১৬ বিলিয়ন ডলার। আরও একটি চমকৃত তথ্য দিয়েছে নিউজ পোর্টাল ‘স্ক্রল’। তাদের তথ্য অনুযায়ী, ভারতের অন্যতম শীর্ষ মোষের মাংস রফতানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে রেকর্ড ৩০ কোটি টাকা অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে (Election Commission) জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে মাংসশিল্পের সঙ্গে সরকারের সম্পর্কের ধরন বদলে যায়। উত্তর প্রদেশ-সহ কয়েকটি রাজ্যে, গোরক্ষকদের হামলায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষ করে গোমাংস পরিবহনের অভিযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এইসব রাজ্য বিশেষ করে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আল্লানা গ্রুপের বড় প্রক্রিয়াজাতকরণ ইউনিট রয়েছে। যদিও ভারতীয় সংস্থাগুলি গরুর মাংস নয়, মোষের মাংস রফতানি করে। ১৬০ বছরের পুরোনো আল্লানা গ্রুপ ভারতের মহিষের মাংসের শীর্ষ রফতানিকারক।

আয়কর দফতর (Income Tax department) ২০১৯ সালের জানুয়ারিতে আল্লানা গ্রুপ-সংশ্লিষ্ট শতাধিক সংস্থায় অভিযান চালায়। ওই বছরের এপ্রিলে আয়কর দফতর দাবি করে, সংস্থাটি প্রায় দুই হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। যদিও এ অভিযোগের কোনও জবাব দেয়নি আল্লানা গ্রুপ। এরপরেই সংস্থাটি ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) কেনা শুরু করে। তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাত কোটি টাকার বন্ড কেনে, যার মধ্যে পাঁচ কোটি দেয় শিবসেনাকে এবং দুই কোটি টাকা দেয় বিজেপিকে (BJP)। সে সময় মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি জোট সরকার ক্ষমতায় ছিল। ২০২৩-২৪ অর্থবছরে আল্লানার সহযোগী কোম্পানি ফ্রিজেরিও কনজারভা আল্লানা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আরও দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়।

কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে অনুদানের পরিমাণ ১৫ গুণ বেড়ে দাঁড়ায় ৩০ কোটি টাকায়। চারটি সংস্থার মাধ্যমে এই অনুদান দেওয়া হয়—অ্যালানাসনস প্রাইভেট লিমিটেড, ফ্রিজেরিও কনজারভা আল্লানা প্রাইভেট লিমিটেড, ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড এবং ইন্দাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। স্ক্রলকে দেওয়া সাক্ষাৎকারে আল্লানা গ্রুপের নির্বাহী পরিচালক ফওজান আলাভি বলেন, মোদি সরকারের (Modi Government) আমলে ‘দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য ইতিবাচক রূপান্তর’ ঘটছে এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে এই গ্রুপ ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে চায়।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ১২.৩৮ লক্ষ মেট্রিক টন (প্রায় ১ কোটি ২৫ লক্ষ কুইন্টাল) মোষের মাংস রফতানি করা হয়েছে। এর থেকে দেশের আয় প্রায় ৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রফতানিকারী সংস্থা অ্যালানাসনস প্রাইভেট লিমিটেডের আয় ২০১৮ সালের পর প্রথমবারের মতো ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

রাজ্যে ক্ষমতায় এসেই প্রকাশ্যে জবাই বা জবাই-এর ক্ষেত্রে অনুমতি এবং লাইসেন্সের কড়াকড়ি শুরু করেছে বিজেপি (BJP)। অথচ ইউপিএ আমলের দিকে আঙুল তোলা মোদি সরকারের সময়ই মোষের মাংস রফতানিকারী সংস্থা আল্লান ফুলে-ফেঁপে উঠেছে। একই সঙ্গে সেই মাংস রফতানির মাধ্যমে রেকর্ড আয় হয়েছে দেশের।

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...