অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Date:

Share post:

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা প্রেসক্রিপশন ছাড়া কাশির সিরাপের বেআইনি বিক্রি এবং মদ্যপানের জেরে লাগামছাড়া দুর্ঘটনা রুখতে তাঁর দফতর যে কড়া পদক্ষেপ করতে চলেছে, সে কথাও স্পষ্ট করে দিলেন তিনি। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, আরজি করের অভয়ার বিচার চেয়ে যে আন্দোলন হয়েছিল, তা কোনও নির্দিষ্ট মহলের নয়, বরং আপামর জনসাধারণের। অভয়া হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই এবং রাজ্য প্রশাসনের যে কোনও সংস্থাকে স্বাস্থ্য দফতর সব রকম সহযোগিতা করবে। অভয়া সংক্রান্ত বেশ কিছু ফাইল ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি নথিও দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরজি করের মতো বড় হাসপাতালের ওপর চাপ কমানো এবং সামগ্রিক চিকিৎসাব্যবস্থার পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী একে একটি পিরামিডের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এতদিন সবাই আরজি কর, এসএসকেএম বা এনআরএস-এর মতো বড় বড় মেডিকেল কলেজগুলি নিয়েই ব্যস্ত থাকত। ফলে গ্রামীণ হাসপাতালের মতো স্বাস্থ্য ব্যবস্থার আসল ভিতটি দুর্বল হয়ে পড়েছিল, যার জেরে জেলা থেকে অনবরত রোগী আরজি করে রেফার করার প্রবণতা তৈরি হয় এবং হাসপাতালের ওপর চাপ বাড়ে। এই ভিত শক্ত করাই এখন তাঁর দফতরের প্রধান লক্ষ্য।

পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্য নীতিকে মান্যতা দিয়ে রাজ্যে কাশির সিরাপ বিক্রির ক্ষেত্রে কড়া বিধি-নিষেধের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্বাস্থ্য ভবন। ওটিসি ড্রাগ হিসেবে যত্রতত্র কাশির সিরাপ বিক্রির প্রবণতা রুখতেই এই পদক্ষেপ। মন্ত্রীর দাবি, কাশির সিরাপের অতিরিক্ত সেবনে রোগীরা আচ্ছন্ন হয়ে পড়েন এবং এর মধ্যে থাকা কিছু উপাদানের কারণে যুবসমাজের একটি বড় অংশ নেশার গ্রাসে তলিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় বাংলাদেশমুখী কাশির সিরাপ চোরাচালানের রমরমা ব্যবসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি কটাক্ষের সুরে বলেন, প্রতিবেশী রাষ্ট্রে মদ্যপান ধর্মীয় কারণে নিষিদ্ধ হলেও, সেই সুযোগ নিয়ে একদল অসাধু কারবারি কাশির সিরাপকে বিকল্প নেশার মাধ্যম হিসেবে ওপারে পাচার করছে। এমনকি খোদ কলকাতার সল্টলেকের মতো অভিজাত এলাকাতেও রাতের অন্ধকারে এই কাশির সিরাপের নেশার আসর বসছে, যার পেছনে উত্তর-পূর্ব ভারতের কিছু পরিযায়ী শ্রমিকের যোগসূত্র রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজ্যে সড়ক দুর্ঘটনার বৃদ্ধির পেছনে মদ্যপানকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পুনের সাম্প্রতিক বিলাসবহুল গাড়ির দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উড়ালপুল বা হাইওয়েতে দুর্ঘটনার নেপথ্যে প্রায়শই থাকে মদ্যপ চালকেরা। রাজ্যে রাত সাড়ে এগারোটা পর্যন্ত মদের দোকান খোলা রাখার বর্তমান নিয়মের তীব্র সমালোচনা করে তিনি জানান, যেখানে জীবনদায়ী ওষুধের দোকান সাড়ে আটটায় বন্ধ হয়ে যায়, সেখানে মদের দোকান এত রাত পর্যন্ত খোলা থাকা সমীচীন নয়। আবগারি নীতিতে বদল এনে মদের দোকান খোলার সময়সীমা কমানোর জন্য তিনি নিজের দফতর থেকে সরকারের কাছে দ্রুত সুপারিশ পাঠাচ্ছেন। মানুষকে লক্ষ্মণরেখা মেনে পরিমিত জীবনযাপনের বার্তা দেওয়ার পাশাপাশি, মদ্যপ চালকদের ধরতে ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এ দিকে, আরজি কর কাণ্ডের পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে আয়ুষ্মান ভারত চালুর স্পষ্ট সঙ্কেত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের যে কোনও প্রান্তে চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে এবং ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুবিধা রয়েছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সফ্টওয়্যারের কাজ রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শীগ্রই মুখ্যমন্ত্রী নিজে এই স্বাস্থ্য প্রকল্প চালুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

আরও পড়ুন- কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

_

_

_

_

_

spot_img

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...