বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে একবছর আগে। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এদিন বর-কনের ছবি পোস্ট করে সমাজমাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সকাল ১০.৩০ নাগাদ তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিলো। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।’


দ্রুত খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সাক্ষাৎকারে যে অভিনেতা জানিয়েছিলেন যে চিরকুমার থাকতে তাঁর কোনও আপত্তি নেই, সেই পণ ভেঙে তিনি কিনা চুপিসারে এক বছর আগে সাত পাকে বাঁধা পড়লেন! অম্বরীশ নিজেও ছবি পোস্ট করে লেখেন ‘বিয়েটা হয়েই গেল!’ এরপর থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।


টলিউডের এইসময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেন অম্বরীশ। হাস্যরসের পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী’র মতো সিরিয়াস ইমোশনাল ছবিতেও সামান্য পার্শ্বচরিত্রে তাঁর অভিনয় মনে ছাপ ফেলে যায়। তিনি উত্তর কলকাতার ছেলে, কবি-সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় ছিলেন তাঁরে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু৷ ফলে অম্বরীশের বড় হওয়ার মধ্যে গভীরভাবে জড়িয়ে ছিল বাংলা সংস্কৃতি-কৃষ্টি। তাঁর কথাবর্তা, চালচলনে এবং অবশ্যই অভিনয়ে সেই ঘরানা ধরা পড়ে৷ তিনি কবে বিয়ে করছেন তা জানতে বরাবর আগ্রহী অনুরাগীরা। এবার হঠাৎ করে জানা গেল পেশায় বিমান সেবিকাকে তিনি বিয়ে করেছেন তাও আবার আজ থেকে এক বছর আগে। কিন্তু এতদিন কাকপক্ষীতেও টের পেল না কেন? সত্যি বিয়ে হয়েছে তো? আসলে কৌশিকের পোস্টের শেষের অংশটা পড়ে অনেকের মনেই সন্দেহ জাগছে। আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে কি এই সিনেমার সঙ্গেই জুড়ে রয়েছে অম্বরীশের বিয়ের বিশেষ মুহূর্ত? জল্পনা বাড়ছে।

–

–

–

–

–
–
–
