Saturday, June 20, 2026

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

Date:

Share post:

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে আসছেন তিনি। পদ্মদল বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপির তরফ থেকে ২০ জুন দিনটিকে অফিসিয়াল ভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে শনিবার হুগলির (Hooghly) তারকেশ্বরে (Tarakeswar) পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বিকেলে তারকেশ্বরে পৌঁছে মন্দির (Tarkeswar Temple) পরিদর্শনের পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সূচনা করবেন নরেন্দ্র মোদি। তালিকায় রয়েছে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। তারকেশ্বরের সভা থেকে প্রায় ৫৯০ কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। উদ্বোধন করা হবে হাওড়ার সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। একই সঙ্গে হাওড়ায় ৩০০টি বেডের নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাউর রাধামোহনপুরের মধ্যে একটি রেল ওভারব্রিজের (Overbridge) শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪৯টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ৩১৫ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের রাস্তা উদ্বোধন হবে।

শনিবার হুগলি থেকে কৃষিক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই বাংলায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ কৃষক এবং ১৪ লক্ষ হেক্টর কৃষিজমি বীমার সুরক্ষা পাবে। পাশাপাশি ডিজিটাল এগ্রিকালচার মিশনের (Digital Agriculture Mission) অংশ হিসেবে ‘এগ্রি স্ট্যাক’, প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনারও সূচনা হবে। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় থাকবে। একই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষের বেশি কৃষক পাবেন ৯০০ কোটিরও বেশি টাকার আর্থিক সহায়তা।

মৎস্য ও পশুপালন ক্ষেত্রেও একাধিক পরিকাঠামোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্যবন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছের বাজার এবং নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন ব্যাঙ্ক চালু হবে।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...