Saturday, June 20, 2026

পিকে ইরানেও পরিচিত নাম ছিলেন, প্রিয় কোচের প্রয়াণে নস্টালজিক মজিদ

Date:

Share post:

কিংবদন্তী ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসানে গভীর মর্মাহত ময়দান কাঁপানো বিদেশী ফুটবলার মজিদ বাকসার। খবরটা শোনার পর থেকেই স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন ইরানি ফুটবলার ।
তিনি বলেছেন, ক্লাব ফুটবলে আমার প্রথম কোচ পিকে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে ইরান থেকে ভারতে এসেছিলাম। ১৯৮০ সালে ইস্টবেঙ্গলে খেলার সময়েই পিকের সঙ্গে আমার প্রথম পরিচয়।
পিকে নিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। অলিম্পিক্সে খেলেছেন। ফলে তাঁর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারকে কোচ হিসেবে পাওয়াটা ভাগ্য ছাড়া আর কিছুই নয় ।
তিনি বলতে থাকেন, আপনারা শুনলে অবাক হবেন যে পিকে ইরানেও পরিচিত নাম ছিলেন। আমি ১৯৭৮ সালের বিশ্বকাপে ইরান জাতীয় দলের সদস্য ছিলাম। সেই সময়ে ইরানের কোচ আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তুমি তো ভারতের ক্লাবে খেলছো। পিকে বন্দ্যোপাধ্যায়কে চেনো? আমি কোচকে বলি, ক্লাব ফুটবলে পিকেই আমার প্রথম কোচ। শুনে উনিও খুশি হন। পিকের কোচিং করানোর সময় সবার কাছ থেকে সেরাটা বের করে আনতেন। প্র্যাকটিসে তো বটেই, ম্যাচের আগেও আমাদের ভোকাল টনিক দিয়ে উদ্বুদ্ধ করতেন।
আরও একটা জিনিস লক্ষ্য করতাম । ম্যাচের দিনগুলোয় পিকে একটা নির্দিষ্ট পোশাক পরে আসতেন। আমি কৌতূহলের বশে একদিন কারণ জিজ্ঞাসা করি। কিন্তু কোনও উত্তর পাইনি সেদিন । পরে জানলাম, ওই নির্দিষ্ট পোশাক ছিল পিকের কাছে লাকি। তাই ওই জামাকাপড় ছাড়তেন না।
পিকের কোচিংয়ে বহু ম্যাচ আমরা জিতেছি। আলাদা করে কোনও একটা ম্যাচের কথা বলবো না। রোভার্স কাপে আমরা মোহনবাগান, মহমেডান স্পোর্টিংকে হারিয়েছিলাম। দার্জিলিং গোল্ড কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে আমরা ৩-২ গোলে জিতেছিলাম। পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা রইল। তিনি যেখানেই থাকুন, ভাল থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...