Wednesday, March 25, 2026

দুর্ভাগ্য আমাদের, এই মহা-বিপর্যয়ের সামনে দাঁড়িয়েও কুৎসিত তরজা আর গোঁজামিলের তত্ত্ব এড়াতে পারলাম না আমরা!

Date:

Share post:

বিশ্বজুড়ে যে অভাবনীয় ঘটনা ঘটছে গত চার মাস ধরে, তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির তুলনা টানছেন অনেকেই। তখন তো তবু শত্রুদের দেখা যেত, আর এখন অদৃশ্য শত্রু কখন কার শরীরে ঢুকে কাকে কখন ঘায়েল করবে তার কোনও ঠিকঠিকানা নেই। এই গ্লোবাল প্যানডেমিক বা বিশ্ব মহামারির সামনে দাঁড়িয়ে প্রতিটি দেশই দাঁত চেপে লড়াই করার চেষ্টা করছে। এমনকী ভারতের অনেক রাজ্যও নিজেদের মত করে লড়াই করার চেষ্টা করছে। ভুল-ভ্রান্তি কি হচ্ছে না? সমালোচনাযোগ্য কাজ কি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। একাধিক ঘটনা-দুর্ঘটনা ঘটছে। তা সত্ত্বেও অন্যান্য রাজ্যে মোটের উপর মূল ফোকাসটা কিন্তু কোভিড-১৯য়েই আছে। অথচ আমাদের রাজ্য দেখুন! মনে হচ্ছে করোনাভাইরাসের বিপদটা যেন কোনও ব্যাপারই নয়। উল্টে, অজানা এই বিপদকে লঘু করে দিয়ে যে যার মত রাজনীতি আর প্রচারে থাকার প্রতিযোগিতা চলছে যেন। এই মহা-সংকটে যখন রোগ থেকে বাঁচাই (যে রোগে ভ্যাকসিন নেই, নির্দিষ্ট ওষুধ নেই) ঐক্যবদ্ধভাবে সকলের মূল লক্ষ্য হওয়া উচিত, তখন বাংলায় আমরা কুৎসিত তরজা আর সংখ্যাতত্ত্বের গোঁজামিলের জলেই ডুবতে বসেছি। জীবনই যেখানে অনিশ্চিত, সেখানেও এখন শাসক-বিরোধী দল, প্রশাসনের একাংশ চোখ রাঙানোর খেলা দেখিয়ে যাচ্ছে। আর এই ঘোলা জলে লঘু হতে বসেছে করোনা সংক্রমণের মত মারাত্মক বিপদও। কজন আক্রান্ত তা নিয়ে সংশয়, কজনের মৃত্যু তা নিয়ে আরও বড় সংশয়। বিশেষজ্ঞ ডাক্তাররা যেখানে বসে জানান মৃত্যুসংখ্যা সাত, তার দশ মিনিট বাদে ওই একই জায়গায় বসে প্রশাসনের বড়কর্তা বলেন ওটা সাত নয় তিন হবে। অর্থাৎ কার কীসে মৃত্যু হচ্ছে এরাজ্যে তা ডাক্তারদের চেয়ে ভাল বোঝেন রাজনীতিক আর আমলারা। করোনার চিকিৎসাও এবার না হয় ওঁরাই করুন! কোনও কোনও এলাকায় লকডাউন ভাঙার খবর এলেও তা নিয়ে বলতে গেলে প্রশ্ন উঠবে আমরা সাম্প্রদায়িক না ধর্মনিরপেক্ষ? যেন রোগের সংক্রমণটা কোনও ইস্যুই নয়! অভিযোগের যদি কোনও সারবত্তা নাই থাকে তাহলে রাজ্যের সর্বাধিনায়িকাকে কিছু এলাকায় গত দুদিন ধরে ছুটতে হচ্ছে কেন? কোনও সমস্যা না থাকলে তাঁর তো যাওয়ার কথাই নয়। আর যদি সমস্যা থাকেই তাহলে এতদিন পর কেন? কেন লকডাউনের শেষ পর্বে? সমালোচনা মানেই যেমন চক্রান্ত নয়, তেমনই এক পক্ষ যা বলবে অন্য পক্ষকে সবসময় তার বিরোধিতা করতেই হবে তাও গ্রহণযোগ্য হতে পারে না। এই মহা বিপদের দিনেও কি একটু অন্যরকম, আরেকটু সহনশীল হতে পারি না আমরা?

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...