Saturday, May 23, 2026

পায়ে পায়ে ৩০০দিন পার যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন, স্থায়ীকরণে বুঁদ সিপিএম নেতৃত্ব

Date:

Share post:

পায়ে পায়ে ৩০০দিন পেরলো যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন । বুধবার ৩০০তম দিনেও প্রায় ৭৫০ জনকে খাবার দেওয়া হল। এবার লক্ষ্য ৩৬৫ দিন। সারা বছর মানুষের পাশে থেকে অন্ন যোগানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বামেরা।
তথ্যপ্রযুক্তি কর্মী থেকে রিকশা চালক, বিদেশে কর্মরত ক্যান্সার গবেষক থেকে গৃহ পরিচারিকা, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহায়তা সম্বল করেই বিনামূল্যে বা ন্যূনতম দামে টানা ৩০০ দিন ধরে আম জনতাকে দুপুরের খাবার তুলে দিয়েছে ‘যাদবপুরের রান্নাঘর’। যার পোশাকি নাম ‘শ্রমজীবী ক্যান্টিন’। যেখানে রোজ দুপুরে ২০ টাকায় লাঞ্চ প্যাকেট পাওয়া গিয়েছে । কোনও দিন মেনুতে ছিল ভাত, দু’রকম তরকারি আবার কোনও দিন ভাত, এক রকম সব্জি ও ডিম।
এই ২০ টাকাতেই দক্ষিণ কলকাতার একটি বড় শপিং মলের নিরাপত্তারক্ষী থেকে নির্মাণ শ্রমিক, ছোটখাটো দোকানের কর্মী থেকে ই কমার্স সংস্থার ডেলিভারি বয়- সবাই খাবার নিয়েছেন এতদিন । গড়ে রোজ ৭০০ লাঞ্চ প্যাকেট দেওয়া হয়েছে আম জনতাকে। নিখরচায় খাবারের প্যাকেট দেওয়া হতদরিদ্র ১০০ জনকে। ৩০০ দিনে দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় ২লক্ষ৫০হাজার প্যাকেট।
এর নেপথ্যে যাদবপুরে সিপিএমের ছাত্র ও যুব ফ্রন্টের প্রায় ৮৫ জন কর্মী। রোস্টার তৈরি করে রোজ সকাল-বিকেল ৩০-৩৫ জন কাজ করেছেন।
কীভাবে সম্ভব হচ্ছে? কোথা থেকে আসছে টাকা? সিপিআইএম কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ সেনগুপ্তর কথায়, “প্রথমে পার্টির ছেলেরাই নিজের পকেটের পয়সা দিয়ে ক্যান্টিন শুরু করে। তখন অনেকই বলেছিল, দশ দিনেই বন্ধ হয়ে যাবে। তবে মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্যে ৩০০দিন ধরে ক্যান্টিন চলছে।”
‘যৌথ রান্নাঘর’ – এই মডেলেই চলছে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন। লকডাউনে বিজয়গড়, বাপুজি নগর, শ্রী কলোনি, নাকতলা অরবিন্দ নগর, এই চার জায়গায় রান্নাঘর চালিয়েছে সিপিআইএম। এমনও হয়েছে, দিনে ১৫০০ মানুষ এই রান্নাঘরের রান্না করা খাবার খেয়েছেন।
সুদীপ সেনগুপ্ত জানালেন, “সাধারণ মানুষের সহযোগিতাতেই ক্যান্টিন চলছে। ফান্ড কালেকশন সহ চেনা-পরিচিত, বন্ধু-বান্ধব, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং যাদবপুর, টালিগঞ্জের মানুষ অর্থ দিয়ে সাহায্য করছেন। অনেকেই রয়েছেন, যারা দেশের বাইরে আছেন, রাজ্যের বাইরে আছেন তাঁরা টাকা পাঠাচ্ছেন। তাছাড়াও অনেক মানুষই চাল, ডাল দিয়ে সাহায্য করছেন।” শুধু তাই নয়, করোনার কারণে সামাজিক অনুষ্ঠান পালনে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তার মুশকিল আসান করেছে এই ক্যান্টিন। জন্মদিন পালন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকীর মতো অনুষ্ঠান পালিত হচ্ছে সিপিআইএম-এর শ্রমজীবী ক্যান্টিনে। ঠিক যেমন ৩০০দিনে ছোট্ট মেয়ে উড়ানের জন্মদিন পালন করা হল এই শ্রমজীবী ক্যান্টিনে।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই ক্যান্টিন থেকে শুধুমাত্র শ্রমজীবী মানুষের অন্নসংস্থানই হচ্ছে না, কর্মসংস্থানের পথও খুলেছে। ৫ জন স্থায়ী রাঁধুনী এবং খাবার প্যাকেজিংয়ের জন্য আরও অন্তত ৫ জন রয়েছেন, যাদের রোজের পারিশ্রমিক দেয় পার্টি। সবমিলিয়ে শ্রমজীবী ক্যান্টিন স্থায়ী করার লক্ষ্যে এখন কোমর বাঁধছেন যাদবপুরের সিপিএম নেতৃত্ব ।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...