Tuesday, June 23, 2026

শুক্রবার শহরে আসছেন রাজনাথ, উদ্বোধন করবেন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ

Date:

Share post:

দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ(War Ship) উদ্বোধন করতে আগামী ১৫ জুলাই শুক্রবার শহরে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে(Gardenrich Ship Builders) পি-১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মোট ৭টি ফ্রিগেট তৈরি করা হচ্ছে। এর মধ্যে গতবছর গার্ডেনরিচে একটি উদ্বোধন করা হয়েছিল দেশের প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের হাত ধরে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স মোট তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছে। তিনটির মধ্যে একটি আগেই উদ্বোধন হয়ে গিয়েছে। বাকি দু’টির মধ্যে একটি আগামী ১৫ জুলাই উদ্বোধন করা হবে। তৃতীয় ফ্রিগেটটির উদ্বোধন হবে আগামী বছর। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যুদ্ধ জাহাজ তৈরির কাজ। অন্যদিকে, মাঁজাগাঁও ডকে তৈরি হচ্ছে এই গোত্রেরই আরও ৪ টি ফ্রিগেট।

উল্লেখ্য, এর আগে মে মাসে মাঁজাগাঁও ডকে গিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা গোটা বিশ্বের অর্থনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যা দিয়েছিলেন রাজনাথ সিং। ভারত এই এলাকার সমুদ্রের একটি দায়িত্বশীল অংশীদার। তাই ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে উন্মুক্ত, নিরাপদ এবং সুরক্ষিত রাখা ভারতের নৌবাহিনীর প্রাথমিক উদ্দেশ্য বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রী সেই সময় বলেছিলেন, “যদি কোনও দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, তখন তার উচিত মূল ভূখণ্ডের বাইরে বহুদূরের অঞ্চলেও তার সামরিক শক্তির বিকাশ করা। কোনও দেশের যদি আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে।” কেন্দ্রীয় সরকার এই লক্ষ্য পূরণের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছিলেন রাজনাথ সিং। তাঁর কথায়, “আমরা একটি শক্তিশালী, সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারত বানাতে চাই, যেটি একটি বিশ্বশক্তি হিসাবে স্বীকৃত হবে।” উল্লেখ্য, পি-১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজগুলি দেশের নৌসেনার শক্তি আরও বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...