Wednesday, June 24, 2026

টানা পঞ্চমবার উইম্বলডনের শেষ চারে জোকোভিচ, ফেডেরারকে ছোঁয়ার হাতছানি

Date:

Share post:

টানা পঞ্চমবারের মতো উইম্বলডনের সেমিফাইনাল পৌঁছলেন নোভাক জোকোভিচ। রাশিয়ার আন্দ্রে রুবলেভের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও ফের ম্যাচে ফিরেছেন ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা। শেষ চারে পৌঁছে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন তিনি। গ্র্যান্ড স্লামে এটি হবে তাঁর ৪৬তম সেমিফাইনাল। এই অর্জনে রজার ফেদেরারের সঙ্গে ব্র্যাকেটবন্দী হয়েছেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই রুবলেভের বিপক্ষে জিতেছেন ৪-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ ব্যবধানে।

জোকোভিচ নিজেও জানেন, তাঁর সব প্রতিপক্ষই তাঁকে থামাতে মরিয়া।মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল জেতার পর সার্বিয়ান তারকা বলেছেন, ‘আমি জানি, তারা সবাই খুব করেই আমাকে হারাতে চায়। তবে এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি।’ এবার জিতলে এটি হবে জোকোভিচের অষ্টম উইম্বলডন শিরোপা। এর মাধ্যমে তিনি ফেডেরারের রেকর্ড ছোঁবেন।

কোয়ার্টার ফাইনালে স্বরূপে ফিরতে কিছুটা সময় নিয়েছেন জোকোভিচ। ততক্ষণে তাঁর হাতছাড়া হয়ে যায় প্রথম সেট। শুরুটা দাপটে করেছিলেন রুবলেভ। দেখে মনে হচ্ছিল জোকোভিচকে কোর্টে দাঁড়াতেই দেবেন না। নবম গেমে জোকোভিচের সার্ভিস ভেঙে দেন রুশ খেলোয়াড়। ৪৫ মিনিটে সেটও জিতলেন। রুবলেভের উইনারের জবাব দিতে পারেননি দ্বিতীয় বাছাই।গতকাল রুবলেভের বিপক্ষে প্রথম সেট হেরে শঙ্কার মেঘ জমেছিল জোকোভিচের ভক্তদের মনে। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান জোকোভিচ। শক্তিশালী সার্ভিস আর ব্যাক হ্যান্ড ব্যবহার করে প্রতিপক্ষকে কোণঠাসা করতে থাকেন। প্রতিটি সেটেই রুবলেভের পরীক্ষা নিয়েছেন। তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে বাধ্য করেছেন। শুরুতে ম্যাচটা কঠিন মনে হলেও জোকোভিচ জিতেছেন ২ ঘণ্টা ৪৭ মিনিট খেলেই।

ম্যাচের পর প্রতিপক্ষের প্রশংসাই করেছেন জোকোভিচ। বলেছেন, ‘রুবলেভ দারুণ টেনিস খেলেছে।’ এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে রুবলেভের বিপক্ষে সহজেই জিতেছিলেন জোকোভিচ।

সার্বিয়ান তারকা মনে করেন, খুব দ্রুততার সঙ্গে খেলছিল রুবলেভ। ম্যাচটা অনেকটাই “ডগফাইট” ধরনের হয়েছে। ম্যাচের কিছু সময় ছিল খুবই ঘাম ঝরানো। তবে তৃতীয় সেটের পরপরই খেলাটা আমার দিকে ঝুঁকে পড়ে। তবে ম্যাচটা জিতে আমার মধ্যে স্বস্তি ফিরেছে।’শুক্রবার উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ কোর্টে নামবেন ইতালির অষ্টম বাছাই জানিক সিনারের বিপক্ষে। ম্যাচটা যে কঠিন হবে, সেটা আগেভাগেই জানিয়ে রেখেছেন জোকোভিচ, ‘সিনার ঘাসের কোর্টে খেলতে পছন্দ করে। সে দ্রুতগতির কোর্টে খেলতে পছন্দ করে কারণ, আগ্রাসী টেনিস তার শক্তির জায়গা।’

সেমিফাইনালের প্রতিপক্ষের আরও প্রশংসা ঝরেছে জোকোভিচের কণ্ঠে। বলেছেন, ‘সে পরিপূর্ণ একজন খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সে এই প্রথমবারের মতো উঠেছে। আমি তার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত, সিনারও যথেষ্ট অনুপ্রেরণা নিয়েই মাঠে নামবে। অন্যদিকে, আমার অনুপ্রেরণাও কম নয়।’

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...