আমেরিকার ইন্টার মায়ামি (Inter Miami)যে তাঁকে নিয়ে এক্কেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার প্রমাণ বারবার মিলেছে। অভিষেকেই ফ্রি কিক করে নজর কেড়ে ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। দ্বিতীয় ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার জোড়া গোল করে একাই ম্যাচ জেতালেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে শুধু নিযে গোল করলেন না, সতীর্থকে দিয়ে গোলও করালেন। লিগ কাপে আটলান্টা ইউনাইটেডের (Inter Miami vs Atlanta United)বিরুদ্ধে মায়ামি জিতল ৪-০ গোলে।


মেসি আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার পর থেকে তাঁর পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু প্রথম ম্যাচ থেকেই চনমনে দেখিয়েছে মেসিকে। আগের ম্যাচের মেক্সিকোর ক্রুজ় আজুলকে হারিয়েছিল মায়ামি। এ বার তারা হারাল আটলান্টাকে। আমেরিকার এই প্রতিযোগিতায় মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর ঘরোয়া প্রতিযোগিতার সব দলগুলিই খেলে। মেসি প্রথম গোল করেন মাত্র ৮ মিনিটের মাথায় , দ্বিতীয় গোল আসে ঠিক ২২ মিনিটে। প্রথম গোলের সময় বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিয়ো বুস্কেৎসের পাস পেয়ে আটলান্টার ডিফেন্ডারদের কাটিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে গড়ানো শট নিয়েছিলেন। কিন্তু সেটি পোস্টে লেগে ফিরে আসে অবশ্য তারপর তা জালে জড়াতে কোনও ভুল করেন নি মহাতারকা মেসি। দ্বিতীয় গোলের সময় মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে বাঁ দিকে পাস দেন রবার্ট টেলরকে (Robert Taylor)। সতীর্থের পাস থেকে ডান পায়ের শট গোল করেন মেসি। এখানেই শেষ নয় মেসি ম্যাজিক, ৪৪ মিনিটে সেই রবার্টকে দিয়েই গোল করান। চতুর্থ গোল করেন ক্রিস্টোফার ম্যাকভের। ৭৮ মিনিটের মাথায় অবশ্য মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে ইন্টার মায়ামি। ফ্যানেরা বলছেন বার্সার ফিল্ড টেকনিক আমেরিকার ক্লাবেও সমানভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন মেসি। তাই সতীর্থদের নিয়ে ম্যাচ জেতার খিদে আজও তাঁকে এগিয়ে দিচ্ছে।















