Tuesday, June 23, 2026

সন্ধিপুজো থেকে ধুনুচি নাচ, প্রবাসের দুর্গাপুজোতে দেশের পরশ

Date:

Share post:

ঢাকে কাঠি পড়তেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো গন্ধ। প্যান্ডালে প্যান্ডলে লাইটিং আর নতুন জামা পরে মানুষের ঢল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোতে এমনভাবেই মেতে ওঠে বঙ্গবাসী। উৎসবমুখর দিনগুলোতে কী করেন প্রবাসী বাঙালিরা?

দুর্গাপুজোর কটা দিন পৃথিবীর প্রতি প্রান্তের বাঙালিরা মাতৃ আরাধনায় মেতে ওঠেন। কানাডার টরেন্টোর বাঙালিরাও তার ব্যতিক্রম নয়।টরেন্টোতে বাঙালি নেহাত কম নয়। তবে কলকাতার মতো পুজো না হলেও এখানে বেশ কয়েকটি জায়গায় বাঙালিরা সকলে মিলে মাতৃ বন্দনায় সামিল হন। ঠাকুর দেখতে ভিড় জমান বাঙালি-অবাঙালি সকলেই।

আশ্বিনের শিউলির সুবাস মেখে দেবী দুর্গার বোধন এখানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মায়ের বোধনের ঠিকানা সুদূর টরেন্টো শহরের স্কারব্রোর দুর্গাবাড়ির পুজো। পঞ্জিকা মতে চিরাচরিত প্রথা মেনে এখানে প্রতিবছর পুজো করেন প্রবাসী বাঙালিরা।সন্ধি পুজো, অঞ্জলি থেকে শুরু করে কুমারি পুজো এবং সবশেষে সিঁদুর খেলাতেও মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। এমনকী ঠাকুর দেখতে আসা সকলের জন্যই থাকে প্রসাদের আয়োজন।

তবে শুধুমাত্র ঘট বিসর্জন করেন উদ্যোক্তারা। কারণ, টরেন্টো দুর্গাবাড়ির ঠাকুর পাথরের তৈরি। তাই ২০০৮ সাল থেকেই সেই মূর্তিতে রঙ করে পুজো করেন উদ্যোক্তারা। শুধুমাত্র বদলে যায় ঠাকুরের সাজসজ্জা।
দুর্গাবাড়ি ছাড়াও চন্ডীপাঠ, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্ম সকল নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় কানাডার হিন্দু কালচারাল সোসাইটিতে।এখানের বড় চমক হলো প্রতিমা। পাশাপাশি সন্ধিপুজো এবং ঢাকের তালে মেয়েদের ধুনুচি নাচও তাক লাগানোর মতো।

সবথেকে আকর্ষণীয় বিষয় হলো প্রথা মেনে প্রতিটি পুজো করা ছাড়াও প্রবাসী বাঙালিদের সকলকে বাঙলা ভাষা শেখা ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তাই পুজোর কটাদিন ছাড়াও সবরকম অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন উদ্যোক্তারা।

পুজোর কটা দিন কাঁসর, ঘন্টা, ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠেন কানাডায় বসবাসকারী সকল ভারতীয়রা । উদ্যোক্তারাও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেন না। শুধুমাত্র খিঁচুড়ি ভোগই নয়, অষ্টমী ও নবমীর দিন প্রসাদে একাধিক আইটেমের বন্দোবস্ত করা হয়। দশমীতে হয় সিঁদুর খেলাও। পুজো দেখতে ভিড় জমান প্রায় আট থেকে দশ হাজার কানাডাবাসীও। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে গা ভাসান ছোট থেকে বড় সকলেই।

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...