Sunday, June 28, 2026

থলিয়ায় মজুমদার বাড়িতে ১৬৯ বছর ধরে থোড় দিয়ে মাকালীর পুজো হচ্ছে

Date:

Share post:

জমিদার গিন্নির নির্দেশ মেনে আজও ১৬৯বছর ধরে একইভাবে কলাগাছের থোর-কুচি দিয়ে মাকালীর ভোগ নিবেদন করা হয় হাওড়ার জয়পুর থানার থলিয়ার মজুমদার বাড়িতে। জানা যায়,সেই জয়পুর গ্রামে বসবাস করতেন তৎকালীন জমিদার রূপনারায়ণ মজুমদার। আশপাশের ৪-৫টি গ্রাম নিয়ে তাঁর জমিদারি ছিল। কালীপুজোর আগের দিন সকালে জমিদার গিন্নি বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সদর দরজার পাশে কেউ বা কারা কালী ঠাকুরের একটি খড়ের কাঠামো বসিয়ে দিয়ে গিয়েছে। পরের দিনই ছিল কালীপুজো। তাই জমিদার গিন্নি ভেবেছিলেন মা মহাকালী স্বয়ং বাড়ি বয়ে তার কাছে এলেন। এই নিয়ে ভেবে কূল পাচ্ছিলেন না জমিদার গিন্নি।

একটি জমিদারি সংক্রান্ত একটি বিষয় নিয়ে পার্শ্ববর্তী এক জমিদারের সঙ্গে মামলা চলছিল মজুমদার জমিদারের। সেদিনই ছিল মামলার রায় দান। জমিদার গিন্নি ঘোষণা করেন, মামলার রায় যদি তাঁদের পক্ষে যায় তাহলে কলাগাছের থোড়-কুচি দিয়ে হলেও মা মহাকালীর পুজো করা হবে। আর রায় বিপক্ষে গেলে খড়ের ওই কাঠামো দামোদরের জলে ভাসিয়ে দেওয়া হবে। সেদিন দুপুরে আদালত মজুমদার জমিদারের পক্ষে মামলার রায় ঘোষণা করেন। এই খবর থলিয়ার জমিদার পরিবারে এসে পৌঁছোতেই রূপনারায়ণ জমিদারের গিন্নির কথামতো জোরকদমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। পরের দিন মহা ধূমধামে কালীপুজো হয়।

জমিদার গিন্নি পুজোর উপকরণ হিসেবে কলাগাছের থোড়-কুচি দেওয়ার কথা মুখে আনায় পুজোর অন্যান্য উপকরণের সঙ্গে মাকালীকে সেদিন থোড় কুচিও উৎসর্গ করা হয়েছিল। ১৬৮ বছর পরেও সেই রীতি একইভাবে চলছে। এখনও থলিয়ার মজুমদার বাড়ির কালীপুজোয় অন্যান্য সব উপকরণের সঙ্গে মাকালীকে থোড় কুচানোও দেওয়া হয়। প্রতিবারই মজুমদার বাড়ির কালী মন্দিরে মায়ের মূর্তি তৈরি করেন মৃৎশিল্পীরা।

দ্বিতীয় দিনের পুজোর শেষে রাতেই মাকালীকে চতুর্দোলায় চড়িয়ে কিছুটা দূরে দামোদরের তীরে নিয়ে যাওয়া হয়। সেখানেই দামোদরে বিসর্জন  দেওয়া হয় মাকালীর। বিসর্জনের শোভাযাত্রায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই সামিল হন। মজুমদার পরিবারের সদস্যরা বলছেন, মাকালীর পুজো এখন সর্বজনীন রূপ পেয়েছে। এলাকার বাসিন্দারা সবাই একসঙ্গে মায়ের পুজোয় সামিল হন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...