Saturday, April 4, 2026

শাসক দলের প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি ক্রিকেটার শাকিবের !

Date:

Share post:

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করে হরতাল অবরোধ শুরু করেছে । অথচ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হতে চান বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শাসক দল আওয়ামী লীগের দফতরে খোলা বিশেষ কাউন্টারে দাঁড়িয়ে নিজের মনোনয়ন ফর্মটি কিনে এই ফর্ম বিক্রির সূচনা করেন দলের সভানেত্রী তথা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের শেষে দেখা যায়, যে ১০৭৪ জন এ দিন দলের প্রার্থী হওয়ার আবেদন পত্র কিনেছেন, তার মধ্যে রয়েছেন ক্রিকেটার শাকিবও।

আওয়ামী লীগ সূত্রে জানা গিয়েছে, মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০— এই তিন আসনে প্রার্থী হতে চেয়ে ফর্ম কিনেছেন আইসিসি-র অলরাউন্ডারের তালিকায় একটানা বহু দিন এক নম্বর স্থান ধরে রাখা শাকিব। তবে তিনি দেশের বাইরে থাকায় তাঁর এক প্রতিনিধি দল‌ের দফতরে এসে টাকা দিয়ে ফর্ম কিনেছেন।

গত বছর প্রাক্তন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে নড়াইলের একটি আসন থেকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ। দলীয় সূত্রের জানা গিয়েছে, গত বারেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তাঁকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন। শাকিব আপাতত খেলায় মন দিন। তবে তাঁর মনোবাসনার কথা তিনি মনে রাখবেন। সময় মতো তাঁকে সেই দায়িত্ব দেবেন। তার পরে এ বার শাসক দল মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করা মাত্র প্রতিনিধি পাঠিয়ে তা সংগ্রহ করে ফের দলের নেত্রীর কাছে তিনি বার্তা পাঠালেন।
ওয়াকিবহাল মহলের মতে, শাকিবের ক্রিকেট কেরিয়ার এখন অন্তিম লগ্নে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দল বিশ্বকাপে বেশ খারাপ পারফরম্যান্স করে দেশে ফিরেছে। এই অবস্থায় দলনেত্রী তাঁকে তিনটি আসনের কোনওটিতে প্রার্থী হিসাবে বাছেন কি না দেখার।

যে মনোনয়ন ফর্মের দাম গত বছর ছিল ২৫ হাজার টাকা, এ বার তা বাড়িয়ে ৫০ হাজার করেছে আওয়ামী লীগ নেতৃত্ব। প্রথম দিনেই ফর্ম বেচে ৫ কোটি ৩৭ লক্ষ টাকা তুলেছেন তাঁরা। ২১ তারিখ পর্যন্ত ফর্ম বিক্রি হবে।

এই অবস্থায় নির্বাচনী নির্ঘণ্ট প্রত্যাখ্যান করে আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...