প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev Bhattachariya) শেষযাত্রা হবে আগামিকাল, শুক্রবার। আজ, বৃহস্পতিবার তাঁর মরদেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শেষযাত্রার যে সূচি মিলেছে, সেখান থেকে জানা যাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ বার করা হবে। এরপর বিধানসভায় নিয়ে যাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিধানসভা থেকে রাজ্য সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে। বিকেল পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ মিছিল করে নিয়ে যাওয়া হবে শিয়ালদহের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে।



প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালেই সিপিএমের সর্বভারতীয় নেতারা কলকাতায় পৌঁছবেন। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, এমএ বেবিরা আসবেন দিল্লি থেকে। আগরতলা থেকে কলকাতায় পৌঁছবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অন্য পলিটব্যুরোর সদস্যদের মধ্যে তপন সেন এবং নীলোৎপল বসু এখন কলকাতাতেই রয়েছেন।

তবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শুক্রবার কলকাতায় আসছেন না। সিপিএম সূত্রে খবর, বৃহস্পতিবারই সীতারামের চোখে ছানির অস্ত্রোপচার হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhadev Bhattachariya) শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সীতারাম। কিন্তু রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁকে ঝুঁকি নিতে বারণ করেছেন। রাজ্য সিপিএমের তরফে সীতারামকে বলা হয়েছে, চলতি মাসেই বুদ্ধদেবের স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে সীতারামকে আসতে হবে। তাই ঝুঁকি নিয়ে শুক্রবার তাঁর না আসাই ভাল। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বুদ্ধদেব ভট্টাচার্য সামনে থেকে শেষ শ্রদ্ধা জানাতে পারছেন না সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।














