Saturday, June 20, 2026

একুশে জুলাই কোন মঞ্চে দিলীপ? জল্পনার অবসান ঘটালেন পদ্মনেতা নিজেই

Date:

Share post:

বিজেপিতে (BJP) ক্রমশ কোণঠাসা হয়ে পড়া দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফুল বদলের চিন্তা ভাবনা করছেন কিনা তা নিয়ে গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা হয়েছে। আগামী ২১ জুলাই তৃণমূলের (TMC ) মেগা ইভেন্টে তিনি উপস্থিতি নিয়েও ধোঁয়াশা বেড়েছে। সবটাতেই হাওয়া দিয়েছিলেন বিজেপির দাবাং নেতা নিজেই। এবার জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২১ জুলাই শহিদ স্মরণ সভায় থাকার ঘোষণা করলেন দিলীপ ঘোষ। তবে তা তৃণমূলের ধর্মতলার সভামঞ্চে নয়, বরং খড়্গপুরে ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা’ করবেন প্রাক্তন বিজেপি সাংসদ।

আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপিতে ক্রমশই অস্তিত্ব সংকটে পড়ছিলেন দিলীপ। সাম্প্রতিককালে পদ্মের কেন্দ্রীয় নেতাদের বাংলার কোনও সভামঞ্চে তাঁকে দেখা যায়নি। এমনকি শুক্রবারে প্রধানমন্ত্রীর বঙ্গসফরেও ডাক পাননি তিনি। বরং ঐদিন সকালে দিল্লি চলে যান। পরে দেখা যায় জে পি নাড্ডার সঙ্গে বৈঠক সেরে রাজ্যে ফিরে আগামী ২১ জুলাই পৃথক কর্মসূচির ঘোষণা করেছেন দিলীপ। নিজেই বলেছিলেন যে শহিদ দিবসে তাঁকে কোনও না কোনও মঞ্চে দেখা যাবে। সাম্প্রতিককালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা থেকে শুরু করে দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির হয়ে রাজনৈতিক সৌজন্য দেখিয়েছিলেন পদ্মনেতা, তাতে অনেকেই ভেবেছিলেন হয়তো এবার দলবদলের চিন্তাভাবনা করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Former Bengal BJP President Dilip Ghosh) । শনিবার দিল্লি থেকে ফিরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবিষয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। তারপরই দিলীপ ঘোষের দফতর থেকে একটি পোস্ট করা হল, যেখানে সোমবার তাঁর কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই খড়্গপুরের ১৮ নং ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির এলাকায় ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা’ করবেন প্রাক্তন গেরুয়া সাংসদ। তাহলে কি শমীক ভট্টাচার্যের সঙ্গে সুসম্পর্ক এবং দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পর বিজেপিতে ফের দায়িত্ব পেতে চলেছেন তিনি? সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আপডেট তাঁর কাছে নেই। তবে সোমবার তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠানে যে তিনি থাকছেন না সেটা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...