রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থা সবকিছু যে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে তা বোঝাতে পুলিশ কমিশনার থেকে ডিজিসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের পদের বদল ঘটিয়েছে। এর-ই মধ্যে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আটটি নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও তিনরাজ্য অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। একে ‘মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি’ হিসেবে ভোটমুখী এই পাঁচ জায়গাতে এই আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত সরকারি অফিস বা দফতর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থী রাজনৈতিক কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না। সরকারি কোষাগারের টাকা থেকে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া যাবে না। দেওয়াল লিখন বা কোনও রাজনৈতিক দলের পতাকা লাগানোর ক্ষেত্রে সেই বাড়ির মালিকের অনুমতি নেওয়া আবশ্যক। এছাড়াও কোনও বাড়ির সামনে সভা বা সমাবেশ করার জন্যেও বাড়ির কর্তার অনুমতি নিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে আদর্শ আচরণবিধি কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন। যেখানে সব দলকে সমান সুযোগের কথা বলা হয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কি না, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। এর পাশাপাশি কমিশন জানিয়েছে, নির্দিষ্ট কোনও জায়গায় সভা করতে চাইলে রাজনৈতিক দলগুলিকে ‘ইসিআইনেট-এ ‘সুবিধা’-য় আবেদন করতে হবে। যে দল আগে আবেদন করবে, তাদেরই সভা করার অনুমতি দেওয়া হবে। আরও পড়ুন: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

এছাড়াও, নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কমিশনের তরফ থেকে একটি নম্বর (১৯৫০) দিয়েছে কমিশন। এই নম্বরে ফোন করে ডিইও বা আরও-দের কাছে অভিযোগ জানানো যাবে। এছাড়াও ‘ইসিআইনেট’ অ্যাপের মাধ্যমে ‘সি-ভিজিল অ্যাপ’-এ গিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো যাবে। ভোটমুখী চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমিশন ৫,৭১৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করছে। অভিযোগ জমা পড়ার ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপ নেবে এই স্কোয়াডগুলি। সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে ৫২০০টি স্ট্যাটিক সারভেল্যান্স টিমও মোতায়েন করছে কমিশন।

–

–

–

–

–

–

–

