নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ইতিমধ্যেই সরকারি কর্মীদের ভোটের ডিউটির জন্য চিঠি পাঠাচ্ছেন নির্বাচন কমিশন (ECI)। যার ফলে সরকারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এবার স্কুল সার্ভিস কমিশনের ২৪ জনকে ভোটের ডিউটির জন্য চিঠি পাঠানো হয়েছে। এতে নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কা করছে এসএসসি। অবিলম্বে জ্ঞানেশ কুমারের কমিশনের এই নির্দেশের উপর জরুরি ভিত্তিতে স্থগিতাদেশের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন।

এসএসসির (SSC) তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, যেভাবে স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের ভোটের কাজের জন্য তুলে নেওয়া হচ্ছে তাতে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগও আটকে যাওয়ার আশঙ্কা থাকছে। আদালতের নির্দেশ মতো স্বচ্ছ ভাবে নিয়োগ করতে চলেছে এসএসসি। অথচ নির্বাচন কমিশন ভোটের নাম করে বারবার রাজ্যের স্বাভাবিক পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে। অবিলম্বে এই নির্দেশের ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে বিচারপতি কৃষ্ণা রাও দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

–

–

–

–

–

–

–

–
