Friday, June 12, 2026

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

Date:

Share post:

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং সেটে ‘লাইট কেয়ারটেকার’দের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ এনেছেন প্রযোজক। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) কিংবা প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি চুপ করে থাকবেন না। নিজের মতো করে ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেছেন রানা (Rana Sarkar)। নাম না করে কার্যত ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) কাঠগড়ায় তুলেছেন তিনি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা সিনেমার লাইট-ক্যামেরা -অ্যাকশনের জগতে।

রানার অভিযোগ, মহুয়া রায়চৌধুরীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিকের কাজ চলাকালীন সেটে কিছু লোকজন এসে ভাঙচুর শুরু করে। প্রযোজকের কথায়, ‘লাইট কেয়ারটেকার’ গিল্ডের কিছু সদস্য হঠাৎ করে শুটিং বন্ধ করে দেন এবং ইউনিটের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটে। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হন রানা। একের পর এক পোস্টে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে আক্রমণ করতে থাকেন। শনিবার গোটা বিষয়টি নিয়ে ইম্পার (Eastern India Motion Pictures Association) সভাপতি পিয়া সেনগুপ্তর (Piya Sengupta) সঙ্গে বৈঠক করেন তিনি।রানা এ বিষয়ে বলেন, “এটা পরিকল্পিত ঘটনা। ফেডারেশন প্রেসিডেন্টের উচিত, তদন্ত করে বের করা ঠিক কী হয়েছে। বাবাই নামের একজন প্রোডাকশন ম্যানেজার সবাইকে ফোন করে বলেছেন, আজ (শনিবার) কাজে না আসতে। ‘প্রোডাকশন ম্যানেজার গিল্ড’ কী ভাবে ইউনিটকে ফোন করে কাজ করতে বারণ করতে পারেন? ‘ক্যামেরা গিল্ড’-এর একজন সদস্যই এই কাজ করছেন। ফেডারেশনের দু’-তিনজন সদস্য এমন আচরণ করছেন কেন? আমাদের প্রোডাকশন ম্যানেজার লাগবে না। আমরা ‘ইপি’ (executive producer) দিয়ে কাজ করে নেব। মাননীয় সভাপতি, আপনি আগে নিয়ন্ত্রণ করুন!”

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে পিয়া (Piya Sengupta) বলেন “ফেডারেশন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করব, এই ধরনের আচরণ হবে তিনি কি জানতেন? হঠাৎ করে কেন এই ঘটনার মুখোমুখি হতে হল? তিনি থাকার পরে প্রথম বার এমন ঘটনা! এ ভাবে চলতে পারে না। এই পরিবেশে কাজ করা সম্ভব নয়। স্বরূপ বিশ্বাস দায়িত্বশীল মানুষ। তিনি বিষয়টা দেখবেন আশা করি।” ফেডারেশনের তরফে জানানো হয়, ‘লাইট কেয়ারটেকার’দের দায়িত্ব তাদের নয়। এই বিষয়ে স্বরূপের (Swarup Biswas) কাছে জানতে চাওয়া হলে তাঁর উত্তর, “আমি শুনেছি ঘটনার কথা। শুটিং সেটে এই ধরনের সমস্যা তৈরি করা একেবারেই কাম্য নয়। অবশ্যই খোঁজখবর নেব এবং যথাযথ পদক্ষেপ করব।” সাম্প্রতিককালে প্রযোজক রানা সরকারকে বারবার সমাজমাধ্যমে ফেডারেশন বিরোধী কথাবার্তা বলতে দেখা গেছে। এখানেই শেষ নয় কখনও তিনি অভিনেতা দেবের পক্ষ নিয়ে সোচ্চার হয়েছেন আবার কখনও তাঁরই (Dev) বিরুদ্ধে গিয়ে প্রযুক্তি ব্যবহার করে সিনেমার রেটিং প্রভাবিত করার সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও শুটিং সেটের গুন্ডামির ঘটনায় সাংসদ অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রানা বনাম ফেডারেশন সংঘাত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...