তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে প্রায় আড়াই মাস, কিন্তু এখনও জানা গেল না মৃত্যুর প্রকৃত কারণ। তদন্ত কতদূর এগোলো? কী কী তথ্য উঠে এল? সবটাই রহস্য। রাজ্যে পালাবদলের পর এবার অভিনেতার মৃত্যুর তদন্তে গতি আনতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দফতর।


কর্মরত অবস্থায় অভিনেতা রাহুলের মৃত্যুর পরের একমাস টলিপাড়ায় কার্যত ঝড় বয়ে গেছে। দফায় দফায় মিটিং হয়েছে, উঠেছে অভিনেতা কলাকুশলীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি। আলোচনা হয়েছে SOP তৈরি নিয়ে। কিন্তু বাস্তবে কতটুকু কাজ হয়েছে? প্রাথমিকভাবে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে (Magic Moments) ব্যান করা হয় কিন্তু গত ২৯ মার্চ তালসারিতে ঠিক কি ঘটেছিল তা এখনও প্রকাশ্যে আসেনি। এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি। শ্যুটিং চলাকালীন তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন(All India Cine Workers Association)। এবার তারাই রাহুলের মৃত্যুর তদন্তে গতি বাড়াতে মোদির দ্বারস্থ হল। SIT গঠনের দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা। AICWA-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের আবেদনের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় এই মর্মান্তিক ঘটনার নেপথ্যের কারণ পর্যালোচনার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পর্যালোচনার করার কথাও বলেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)।

–

–

–

–

–

–
