ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার পর প্রাথমিকভাবে তাঁরা নিখোঁজ জানানো হলেও, বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভারতের তরফে জাহাজে হামলার (Oman Gulf Incident) তীব্র নিন্দা করা হয়েছে। এই হামলার পরই ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে ডেকে পাঠিয়েছে মোদি সরকার। গত সোমবার দুপুর দেড়টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় 'এমটি মারিভেক্স' (MT Marivex) নামের একটি জাহাজকে লক্ষ্য করে আচমকা হামলা চালায় মার্কিন নৌসেনা। সঙ্গে সঙ্গেই জাহাজটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। মাঝসমুদ্রেই আগুনে ভস্মীভূত হয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডুবে যায় পণ্যবাহী জাহাজটি। সেই জাহাজে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। প্রাথমিকভাবে ২৪ জনকেই উদ্ধার করা হয়েছে মনে করা হলেও পরে জানা যায়, ২১ জন নাবিককে উদ্ধার করা গেলেও, ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবনন্দ চৌরাশিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশের কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই তিন নাবিক মৃত বলে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "পালাউয়ের জাহাজে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনজন ভারতীয় নাবিক, যাদের নিখোঁজ বলে মনে করা হয়েছিল, তাদের মৃত্যুর খবর মিলেছে। দুইজনের দেহ উদ্ধার হয়েছে। নিহত নাবিকদের পরিবারের পাশে মোদি সরকার আছে এবং তাঁদের সবরকম সাহায্য করতে প্রস্তুত। আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি দ্রুত উদ্ধার করা মৃত নাবিকদের দেহ যেন ফিরিয়ে আনা হয় শেষকৃত্যের জন্য।" তবে বাণিজ্যতরীগুলিতে হামলা চালানো নিয়ে মুখ খুলেছে আমেরিকা। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তাঁদের নির্দেশ অমান্য করে জাহাজগুলি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল। সেই কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। - - - - - - -