খড়্গপুর-সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দিনকয়েক পরেই। সব রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়েছে ভোটের ময়দানে। ওদিকে ভোটের উত্তাপ বাড়িয়ে সোমবারই খড়্গপুরে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানরা। এদিন রেল শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ ও এরিয়া ডমিনেশন শুরু করেছে আধাসেনা বাহিনি। আসন্ন উপনির্বাচন নির্বিঘ্ন করতে এদিন জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। এদিন জওয়ানেরা নিমপুরা এলাকায় গাড়ি ও বাইকেও তল্লাশি চালায়। গত শনিবার খড়্গপুরে 92 জনের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। গত দুদিন তারা নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খড়্গপুর পুলিশের সঙ্গে আলোচনা করে। তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় তাঁরা বেরতে পারেননি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শহরের কয়েকটি এলাকার ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সোমবার ইন্দা এলাকাতেও বাহিনীর একটি অংশ নজরদারি ও তল্লাশি চালায়।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে শহরে ঢোকার রাস্তাগুলিতে নাকাচেকিং জোরদার করা হবে। বাইরে থেকে খড়্গপুরে ঢোকার সমস্ত গতিবিধির ওপর কড়া নজরদারি চালাবে তাঁরা।
