Thursday, February 26, 2026

বিজেপিতে মমতার মতো কোনও নেত্রী নেই, মুষল পর্বে আক্ষেপ দিলীপ ঘোষের

Date:

Share post:

রাজনৈতিকভাবে তিনি তৃণমূল ও তাঁর সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী। ঘুম থেকে উঠে ভোরে মর্নিং ওয়াক থেকে রাতে ডিনার সেরে ঘুমোতে যাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় বিজেপির বর্তমান সহ-সভাপতি দিলীপ ঘোষ। কারণ, বাংলার প্রধান বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এটা তাঁর রাজনৈতিক বাধ্যবাধকতা। তবে শুধু বাংলা নয়, গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণ যোগ্যতা যে প্রশ্নাতীত তা নরেন্দ্র মোদি থেকে অমিত শাহরাও ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন।

এবার সরাসরি সেই পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করলেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির মুষল পর্বে কার্যত আক্ষেপ করে অকপটে তিনি জানালেন, রাজ্য বিজেপিতে মমতার মতো নেত্রী নেই। অর্থাৎ, দিলীপবাবু ঘুরিয়ে স্বীকার করে নিলেন, তাঁর দলে এখনও মমতার বিকল্প মুখ কেউ হয়ে উঠতে পারেননি।

একুশের বিধানসভা ভোটের পর থেকে লাগাতার ব্যর্থতা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে অন্তর্কলহ তুঙ্গে। গোটা রাজ্যজুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সরব দলেরই একটি বড় অংশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির বর্তামান সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা ও দক্ষতা নিয়েই অনাস্থা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে দিনভর তোলপাড় রাজ্য রাজনীতি।

এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অকপট স্বীকারোক্তি দিলীপ ঘোষের। তাঁর কথায়, “রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। যে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তিনিই সফল হবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। এটা তাঁর পক্ষে লাভ হয়েছে। আমি সত্য বলেছি। আমার কোনও দায় নেই, আর দায়িত্বও নেই। আমি ভালকে ভাল বলি, আর বলব।”

এরপরই দিলীপ ঘোষের সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেন, “২০১৬ সালে বিধানসভা ভোটে যখন বিজেপি থেকে আমরা মাত্র তিনজন জিতেছিলাম, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, কেন এমন খারাপ ফল হল? উত্তরে আমি বলেছিলাম, বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনও নেতা বা নেত্রী নেই।”

আরও পড়ুন:লোকাল বাসেও স্মার্ট কার্ড, দেশে এই প্রথম ডিজিটাল বাস পরিষেবা মুম্বইয়ে

spot_img

Related articles

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...

মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার

এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে,...

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ভাতা ৪% বাড়ানোর কথা ঘোষণা করা...