তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই ঘটনা নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুর্নিশ জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আর সেই পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) শেয়ার করে রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লেখেন, “একটি বড় বিপর্যয় এড়াতে তাঁর অসাধারণ পদক্ষেপের জন্য আমাদের সাহসী ইন্সপেক্টর বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের (কলকাতা পুলিশ) ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prasenjit Chatterjee) আমার আন্তরিক শুভেচ্ছা।“ কী হয়েছিল? কলকাতা পুলিশে তরফে তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ঘটনা সম্পর্কে লেখা হয়েছে, “ইন্সপেক্টর প্রসেনজিৎকে ধন্যবাদ! ২৪ফেব্রুয়ারি বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জির সাহসিকতার জন্য খিদিরপুরে সেন্ট থমাস স্কুলের কাছে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের সময়, তিনি একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখেন। জনাকীর্ণ এলাকার বিপদ বুঝতে পেরে, তিনি দমকল বাহিনীর জন্য অপেক্ষা করেননি। তিনি নিজেই খুঁটির নীচে তাঁর গাড়ি পার্ক করেন, ছাদে উঠে যান এবং ব্যক্তিগত ঝুঁকি নিয়ে আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন।” এই ঘটনার জন্য সহযোদ্ধারা প্রসেনজিৎকে কুর্নিশ জানিয়েছেন। লেখা হয়েছে, ”তাঁর দ্রুত পদক্ষেপ এবং সাহসে জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। কর্তব্যের বাইরেও কাজ করার জন্য আমাদের সহকর্মীকে স্যালুট জানাই আমরা!” এই সঙ্গে সেদিনের ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। সেই পোস্ট শেয়ায় করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “একটি বড় বিপর্যয় এড়াতে তাঁর অসাধারণ পদক্ষেপের জন্য আমাদের সাহসী ইন্সপেক্টর বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের (কলকাতা পুলিশ) ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক শুভেচ্ছা। তিনি হলেন সেই নায়ক যাঁকে নিয়ে সমাজের সবার উদযাপন করা উচিত। কলকাতা পুলিশের টুইটটি গর্বের সঙ্গে শেয়ার করছি যেখানে অফিসারের সাহস এবং সক্রিয়তা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।“ এমনিতেই পুলিশের কাজের ঝুঁকি বেশি। বিভিন্ন সময়ই প্রাণ বাজি রেখেই আইনশৃঙ্খলা রক্ষা করতে হয় তাঁদের। পাশাপাশি, অতিমারি হোক বা প্রাকৃতিক বিপর্যয়- তাঁরা নাগরিকদের দিকে সাহায্যের হাতে বাড়ান।  প্রসেনজিতের পদক্ষেপ সেই তালিকায় নয়া নজির গড়ল।