“ডিসেম্বর মাসের তিনটে তারিখের উপরে নজর রাখুন। ১২, ১৪ এবং ২১। অপেক্ষা করুন, দেখুন কী হয়…!” বক্তা শুভেন্দু অধিকারী। সম্প্রতি, রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করে এবং সংবাদ মাধ্যমকে এই কথা বলে বেড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সেই ১২ ডিসেম্বর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম তারিখে কোনও চমক দিতে পারেননি শুভেন্দু। গুগলি দিতে গিয়েও নিজেই গুগলি খাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই হাসির খোরাক হচ্ছেন বিরোধী দলনেতা।


এদিকে, শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সাফ কথা, “জানি না কোথায় কে কী বলে বেড়াচ্ছে।১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয় না।” উল্লেখ্য, ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের উপরে বিশেষ নজর রাখার কথা বলেছেন শুভেন্দু। তাঁর কথা অনুযায়ী ওই তিন দিনের মধ্যে বড়সড় কিছু ঘটতে পারে রাজ্য রাজনীতিতে।
অন্যদিকে, শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “বুঝুন, একজন দলবদলু বলছেন দেখিয়ে দেব। আর দিলীপ ঘোষ বলছেন রাজনীতির কোনও সম্পর্ক নেই। দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি। এবার শুভেন্দু কিছু বলুক। এই যে তারিখ, কাঁথি সভা। এর মাঝে শুভেন্দু ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। বীরবাহাকে বলেছিলেন জুতোর তলায় থাকে। মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন পুলিশ নেব না, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে ঝাড়গ্রামে সভা করুক শুভেন্দু। সেসব নিয়ে কিছু বলার বা করার ক্ষমতা নেই।”














