সদ্য শেষ হয়েছে বঙ্গে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। এরইমাঝে ফের বাংলায় বাজল ভোটের বাদ্যি। বিজেপি(BJP) বিধায়ক(MLA) বিষ্ণুপদ রায়ের(Bishnupada Roy) আকস্মিক প্রয়াণে ফাঁকা হওয়া ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচনের(Bypoll Election) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন(Election Commission)। আগামী ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা ৮ সেপ্টেম্বর। বাংলার পাশাপাশি আরও ৪ রাজ্যের মোট ৭ টি কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।


বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে তপশিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। যার জেরে দেশের বাকি ৪ রাজ্যের উপনির্বাচনের সঙ্গেই জুড়ে যায় বাংলার ধুপগুড়ি কেন্দ্রের নাম। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, উপনির্বাচনের জন্য ১০ আগস্ট থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ আগস্ট। ১৮ ই আগস্ট জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ভোট নেওয়া হবে ৫ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে। ধূপগুড়ির পাশাপাশি উপনির্বাচন হবে ঝাড়খণ্ডের দুমরি, কেরলের পুথুপল্লি। এই কেন্দ্রটি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির কেন্দ্র। ত্রিপুরার ধনপুর এবং বক্সানগর। এর মধ্যে ধনপুর কেন্দ্রটিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের জন্য উপনির্বাচন হবে। উত্তরপ্রদেশের ঘোসি এবং বাগেশ্বর কেন্দ্রেও উপনির্বাচন হবে ৫ সেপ্টেম্বরই।
ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় গত ২৫ জুলাই বিধানসভা অধিবেশন চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ। কিন্তু ২৩ তারিখ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

















