Saturday, May 16, 2026

হকিতে পাকিস্তানকে চার গোলে দুরমুশ করে শেষ চারে ভারত

Date:

Share post:

ঘরের মাঠে রীতিমতো দাপট দেখিয়ে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সেমিফাইনালে গেল ভারত।

প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চাপে ফেলে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। কিন্তু ভারত রিভিউ চায়। টিভি আম্পায়ার গোল বাতিল করেন। উল্টে ভারতের বিরুদ্ধে একটি পেনাল্টি কর্নার দেন। সেই শটও অসাধারণ দক্ষতায় বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
প্রথম থেকেই মাঝ মাঠে ভারতের খেলোয়াড়দের নড়বড়ে লাগছিল । বেশ বোঝা যাচ্ছিল, মাঝমাঠে দখল নিতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে। ফলে কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। শেষ পর্যন্ত পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংয়ের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। লং শটের বদলে ছোট ছোট পাসে পাকিস্তানের ডিফেন্স তছনছ করে দেয় ভারত। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত।বহু চেষ্টা করেও ভারতের গতির সঙ্গে এঁটে উঠতে পারছিলো না পাকিস্তান। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন মনপ্রীত সিং, কার্থি সেলভমেরা। অতিরিক্ত চাপে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। এ বার গোল করেন যুগরাজ সিং। ৩-০ এগিয়ে যায় ভারত।

খেলার ভাগ্য ততক্ষণে নির্ধারণ হয়ে গিয়েছে। চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েক জন পরিবর্ত খেলোয়াড় নামান ভারতীয় কোচ ক্রেগ ফুল্টন। তার পরেও আক্রমণ কমেনি। কার্থির একটি গোল বাতিল করেন রেফারি। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল পাকিস্তান। তার মাঝেই আরও একটি গোল করে যায় ভারত। বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান মনদীপ। সেই বলে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিং। ৪-০ এগিয়ে যায় ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। বেশ বোঝা যাচ্ছিল ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে চাপে পড়ে গিয়েছে তারা। পাকিস্তানকে ৪ শূন্য গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীতই আজকের ম্যাচের নায়ক।

 

 

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...