আচমকাই মৃত্যু সংবাদ বহু বিতর্কিত মডেল ও নায়িকা পুনম পান্ডের। তারকার মৃত্যুর খবর তাঁর ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার হতেই চাঞ্চল্য ছড়ায় বলিউড পাড়ায়। কিছুদিন আগেও সপ্রতিভ ও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর সরব তারকার কীভাবে হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন, তৈরি হচ্ছে জল্পনা।

মাত্র ৩২ বছর বয়সে কখনও খ্যাতি কখনও কুখ্যাতিতে জড়িয়ে পড়া বলিউড তারকার জীবন বিভিন্ন কারণে রঙিন। নীল ছবি থেকে বলিউডে তাঁর এন্ট্রি মোটেও সহজ ছিল না। কন্নড় ও তেলেগু ছবির হাত ধরে বলিউডে অভিনেত্রী হওয়ার রাস্তা তৈরি হয় পুনমের। ২০১৩ সালে অমিত সাক্সেনার ‘নশা’ ছবিতে তাঁর বলিউড ডেবিউ। সিনেমার পাশাপাশি টিভি শো-তেও তিনি ছিলেন জনপ্রিয়। ‘ফিয়ার ফ্যাক্টর’ ও কঙ্কনা রানাওতের সঞ্চালনায় ‘লক আপ’ রিয়ালিটি শো-তেও দেখা গিয়েছিল তাঁকে।

তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর সপ্রতিভতা তাঁকে বারবার বিতর্কের মুখেও ফেলেছে। ফ্যানদের নিজের ছবি পোস্ট করে নানা চ্যালেঞ্জ, ইনস্টায় খোলামেলা ছবি প্রকাশ যেমন তাঁর সমালোচনা বয়ে এনেছে। আবার পথ শিশুদের মধ্যে গিয়ে তাঁদের সাহায্য করার ছবি প্রশংসাও কুড়িয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন তিনি সবচেয়ে বেশি সমালোচিত হন যখন ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন ছবি পোস্ট করার ‘প্রলোভন’ দেন। তবে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে যাওয়ার সময় যখন বলিউড তারকারা নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছিলেন মালদ্বীপের পদক্ষেপের, তখন পুনমও ভারতের পাশে দাঁড়ান। অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মালদ্বীপে নিজের শুটিং বাতিল করেন।


তবে সম্প্রতি এত সপ্রতিভ একজন সেলিব্রিটি কতদিন ধরে ক্যান্সার আক্রান্ত, তা কেনই বা কেউ টেরই পেলেন না, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। মাত্র চারদিন আগে গোয়ায় একটি ক্রুজে তাঁকে সম্পূর্ণ সুস্থভাবেই পার্টিতে অংশ নিতেও দেখা যায়। তার কয়েকদিনের মধ্যেই অভিনেত্রীর ম্যানেজার তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যু সংবাদ শেয়ার করায় তৈরি হয়েছে অনেক প্রশ্ন। ম্যানেজার জানিয়েছেন জরায়ুর ক্যান্সারে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে গোপণীয়তার অনুরোধ জানানো হয়েছে। অনেকেই এই আকস্মিক মৃত্যুকে প্র্যাকটিকাল জোক বলেও দাবি করছেন।










