নাবালক বলেই কি ছাড় পেয়ে যাবে অপরাধীরা? ধর্ষণ থেকে খুন, জঘন্য অপরাধের পরও শুধুমাত্র বয়স কম থাকার সুবিধা নিয়ে রেহাই পেয়ে যায় দোষীরা। ভারতীয় বিচার ব্যবস্থায় এমন ঘটনা বহুবার ঘটেছে। কিন্তু এবার নজিরবিহীন রায় দিল্লির (Delhi) রোহিণীর জেলা আদালতের। ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে ১৬ বছরের নাবালককে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক।


২০১৭ সালে নাবালক শিশুকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। অপরাধী যেহেতু নাবালক তাই নিয়ম মেনে নাবালককে জুভেনাইল আদালতে পাঠানো হয়। কিন্তু পুরো মামলা শোনার পর জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফেও নির্দেশ দেওয়া হয় ঘৃণ্য এই অপরাধে অভিযুক্তকে সাবালক ধরে নিয়েই যেন মামলার চালানো হয়। যুক্তি হিসেবে বলা হয় বর্তমানে ওই কিশোরের বয়স ২৫ বছর। অপরাধী প্রথমে আটার কারখানায় কাজ করত, পরবর্তীতে রেস্তরাঁতেও কাজ করেছে। ফলে ধরে নেওয়া যায় জেলে সাজা কাটার সময় সেখানে কাজ করতে সে সক্ষম। সেইমতো পকসো আইনে মামলা চলে এবং দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করলো আদালত।













