গায়ক জুবিন গর্গের (Zubin Garg) মৃত্যু নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার অসম পুলিশের (Assam Police) অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর বিশেষ তদন্তকারী দল জুবিনের দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরাকে ও পরেশ বৈশ্যকে গ্রেফতার করেছে। এর আগে গ্রেফতার করা হয়েছিল তাঁর তুতো ভাই ও অসম পুলিশ সার্ভিস অফিসার সন্দীপন গর্গকে।
জানা গেছে, জুবিনের দুই নিরাপত্তারক্ষী—নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সিঙ্গাপুর উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহন্ত—সব মিলিয়ে ৭ জনকে এই মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: সারোগেসি আইনে বয়সসীমা নয়, প্রাধান্য পাবে মানবিকতা— রায় সুপ্রিম কোর্টের

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতারের সময় জলে ডুবে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। যদিও তাঁর ঘনিষ্ঠদের দাবি, তিনি দক্ষ সাঁতারু ছিলেন, তাই এই মৃত্যু দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাও হতে পারে। জেরায় ব্যান্ড সদস্য শেখরজ্যোতি দাবি করেছেন, জুবিনকে বিষ দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি জানান, জুবিন জলে নামার পর যখন হাঁসফাঁস করছিলেন, তখন ম্যানেজার সিদ্ধার্থ কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না। আরও অভিযোগ, জুবিনের নাক-মুখ থেকে ফেনা বেরোচ্ছিল, যা দেখে সিদ্ধার্থ একে অ্যাসিডের প্রতিক্রিয়া বলে ব্যাখ্যা দেন।

ইতিমধ্যে সিঙ্গাপুর পুলিশ ফোর্স গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে। সেই রিপোর্ট ঘিরে তদন্তে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। জুবিন গর্গের মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, তা নিয়ে জোরালো হচ্ছে সন্দেহ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসার অপেক্ষায় দেশবাসী।

–

–

–

–
–
–

