ফের বড়সড় বিপত্তি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতে পুনেতে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর ফলে কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় রানওয়ে। স্বাভাবিকভাবেই সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়েছে বিমান ওঠানামা। ভারতীয় বায়ুসেনা (IAF) সূত্রে খবর, একটি সামরিক বিমান অবতরণের সময় বিমানের আন্ডারক্যারেজে ত্রুটি দেখা যায়। এর ফলে রানওয়ের উপরে বিমানটি আটকে যায়। তাই রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়। বাতিল হয়েছে IndiGo-র মোট ৬৫টি উড়ান, Air India-র ৬টি, SpiceJet-র ৫টি উড়ান, Akasa Air-র ৫টি, Air India Express-র ১০টি উড়ান।

সূত্রের খবর, এদিনের এই ঘটনায় বিমানচালক ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন। কোনও সাধারণ নাগরিক বা অসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ঘটনাটি বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় বড়সড় প্রভাব ফেলেছে। জানা গিয়েছে, পুনে বিমানবন্দর ‘ডুয়াল ইউজ়’ মডেলে পরিচালিত হয়। এখানে অসামরিক উড়ান এবং বায়ুসেনার কাজ একসাথেই চলে। তাই এই ঘটনার ফলে পুরো বিমানবন্দরের পরিষেবা বন্ধ হয়ে যায়।

শুক্রবার রাত প্রায় ১০টা ২৫ মিনিট নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ে ছাড়তে পারেনি। এর জেরে রানওয়ে ব্লক হয়ে যায়। রানওয়ে পরিষ্কার করে স্বাভাবিক পরিষেবা ফের চালু করতে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। ঘটনার পরেই কেন্দ্রীয় বিমান প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কোনও প্রাণহানি বা বড় ক্ষতি হয়নি। বিমানবন্দরের ডিরেক্টর এবং বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

–

–

–

–

–
–
–
