২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের আইটি সেলের সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে জানা গিয়েছে, আইটি সেলের পুরনো কমিটি ভেঙে দিয়ে আপাতত ছয় সদস্যের একটি নতুন কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দেবাংশু ভট্টাচার্যের পাশাপাশি স্থান পেয়েছেন উপাসনা চৌধুরী, নীলাঞ্জন দাস, অরিজিৎ দাস ঠাকুর, সৌরভ দাস ও নবারুণ ভট্টাচার্য। মূলত আগামী দিনে ডিজিটাল মাধ্যমে দলের প্রচার ও প্রতিপক্ষের আক্রমণের মোকাবিলা করতে এই নতুন টিম কাজ করবে।


এদিনের বৈঠকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে নেত্রী সাফ জানান, মনোবল ভেঙে ফেললে চলবে না, বরং নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে আবেগঘন কণ্ঠে জানান, লড়াইয়ে তাঁকে কীভাবে হেনস্থা হতে হয়েছে। তবে তিনি যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, সেই বার্তাও স্পষ্ট করে দেন তিনি।


বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়েছে, বিজেপি-র একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে। গণতান্ত্রিক পথেই এই ‘বাংলা-বিরোধী’ শক্তিকে যোগ্য জবাব দেওয়ার শপথ নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। দলের ডিজিটাল যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আরও তীব্রভাবে দলের আদর্শ ও উন্নয়নের প্রচার চালিয়ে যেতে। রাজনৈতিক মহলের মতে, পরাজয়ের ধাক্কা সামলে আগামী দিনের বড় আন্দোলনের ভিত এখন থেকেই মজবুত করতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে দলের তথ্যপ্রযুক্তি বিভাগকে ঢেলে সাজানো হল।


আরও পড়ুন- ৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

_

_
_

_
_
_
