Saturday, April 11, 2026

মা দুগ্গার টরন্টো ভ্রমণ

Date:

Share post:

মনামী পাল ভট্টাচার্য

প্রতি বছর শরতে মা দুগ্গার ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি আসেন। তাঁর বাপের বাড়ি বাংলার গণ্ডী পেরিয়েছে অনেকবছর আগেই। গোটা ভারত তো বটেই, এখন বিশ্বের বিভিন্ন প্রান্তেই দুগ্গার বাপের বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

যেখানেই কয়েকজন হুজুগে বাঙালি একসঙ্গে থাকবে, সেখানেই সপরিবারে বিরাজমান হবেন। কোনও শহরে তিনি যান এক-দুদিনের ভিসা নিয়ে। কোথাও আবার পুরো পাঁচ-ছদিনই কাটিয়ে আসেন। সেটা নির্ভর করে সেই শহরের বাঙালিদের সুযোগ-সুবিধার উপর।


আমি যে শহরে থাকি, সেটা টরন্টো থেকে একটু দূরে। এই শহরে দুর্গাপুজো হয় একদিনই। পাঁচদিনের সব আচার-অনুষ্ঠান সারা হয়ে যায় সেদিন। এবার তিথি মেনে পুজো শুরু হওয়ার আগের সপ্তাহে এ শহরে পুজো হয়ে গিয়েছে। টেরাকোটার একচালা দুর্গামূর্তিতে পুজো করা হয়। অধিবাস, কলাবৌ স্নান, সন্ধিপুজো, অষ্টমীর অঞ্জলি, সিঁদুরখেলা, ভোগখাওয়া- সবের জন্য বরাদ্দ ওই একটাই দিন। এই ছোট শহরে যতজন বাঙালি আছেন, সবাই সেদিন জড়ো হন সেখানে। নাই বা হল পাঁচদিনের ভরপুর আনন্দ। একদিনেই পাঁচদিনের উৎসবের স্বাদ নেওয়াটাও মন্দ লাগে না। পুজো শেষ হয়ে গেলে, বাঙালির রীতি মেনে সন্ধেবেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


সে তো গেল আমার শহরের দুর্গাপুজোর কথা। তবে টরন্টোতে কিন্তু অনেক জায়গায় পাঁচদিন একেবারে নিয়ম মেনে পুজো হয়। প্রায় দেড়লাখ বাঙালির বাস এই অঞ্চলে। তাই দুর্গাপুজোর সংখ্যাও এখানে বেশি। অনেক মন্দির আর আশ্রমে নিষ্ঠাভরে পুজো করা হয়।
টরন্টো কালীবাড়িতে প্রতিদিনই নিয়মমতো পুজো হয়। আর দুর্গাপুজোয় এলাহি আয়োজন। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার-অনুষ্ঠান। তারপরের দিন থেকে শুরু হয় নবরাত্রি পালন। মহাষষ্ঠীর দিন হয় মায়ের বোধন, আমন্ত্রণ, অধিবাস আর আরও আনুষঙ্গিক আচার। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সমস্ত রকম বিধি মেনে দুর্গাপুজো করা হয়। অনেক দূরের শহর থেকেও বাঙালীরা আসেন এই কালীবাড়ির পুজো দেখতে। ভোগের জন্য লম্বা লাইন এবছরও চোখে পড়েছে।


ভারত সেবাশ্রমের টরন্টোশাখাতেও পুজো হয় ওই একই রকমভাবে, পাঁচদিন।
এছাড়াও আরও বেশ কয়েকটা দুর্গাপুজো হয় টরন্টো আর তার আশপাশের এলাকায়। আমরা যারা প্রবাসী বাঙালি, পুজোর সময় বাড়ি যাওয়ার সুযোগ পাই না, তাদের কাছে এই পুজোগুলি বড় পাওনা। বচ্ছরকার দিনে মায়ের মুখটা তো দেখতে পেলাম, এটুকুই মনের কোণে রেখে দেব আর অপেক্ষা করব আগামী বছরের পুজো জন্য।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...