Monday, April 6, 2026

নতুন গেরো, তিরেই চৌপাট বিজেপির রাজ্যপাট!

Date:

Share post:

শুরু হয়েছিল মহারাষ্ট্রে। এরপর ঝাড়খণ্ড। সামনের বছর বিহারে কী হবে কেউ জানে না। বারবার সেই তিরেই বেসামাল পদ্ম। কাকতালীয় হলেও ঘটনা, তির প্রতীকচিহ্ন থাকা দলগুলির কাছেই বারবার নানাভাবে পর্যুদস্ত হতে হচ্ছে বিজেপিকে। তির আর পদ্মের রসায়নটা ঠিক জমছে না। যেখানে তির, সেখানেই মতপার্থক্যের জেরে বিচ্ছেদ, রাজনৈতিক পরাজয় অথবা মতবিরোধের সূত্রপাত। ইদানিং তির আর পদ্মের সম্পর্কে যেন গ্রহণ লেগেছে। আর এই নতুন গেরোতেই দিকে দিকে চৌপাট হচ্ছে বিজেপির রাজ্যপাট!

প্রথমেই ধরা যাক মহারাষ্ট্রের কথা। শিবসেনার প্রতীকচিহ্ন তির। বিধানসভা ভোটে শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়াই করে সর্বাধিক আসন পেয়েও সরকার গড়তে পারেনি বিজেপি। বসতে হচ্ছে বিরোধী আসনে। আর বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে অনেক কম আসন পেয়েও বিপরীত মেরুর দুই দলের সঙ্গে জোট করে রাজ্য চালাচ্ছে শিবসেনা। সেই তিরের গেরোয় ক্ষমতা পেয়েও ক্ষমতাছাড়া পদ্ম।

এরপর ঝাড়খণ্ড। কোনও সমালোচনায় আমল না দিয়ে, একক শক্তিতে রাজ্য জেতার আত্মবিশ্বাস দেখিয়ে আদিবাসীদের ভাবাবেগকে উপেক্ষা করেছে বিজেপি। পূর্বাভাস অনুমান করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মত আদিবাসীকেন্দ্রিক দলের সঙ্গে জোট করার কৌশল নেওয়া উচিত ছিল। উল্টে তাদের আমল না দিয়ে অবিজেপি দলগুলির ঐক্য গড়ে তোলার সুযোগ করে দেওয়া হয়েছে। উল্টে বন্ধু দলগুলিও বিজেপির পাশ থেকে সরে গিয়েছে। ভোটে লজ্জার হারের পর বিজেপির হাতছাড়া ঝাড়খণ্ড। ক্ষমতার রাশ যাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে, যাদের প্রতীকচিহ্ন তির।

বাকি রইল জেডিইউ। বিহারে বিধানসভা ভোটের আর দেরি নেই। জেডিইউ নেতা নীতীশকুমার ইতিমধ্যেই এনআরসি ইস্যুতে আপত্তি জানিয়েছেন। ভোট যত এগিয়ে আসবে ততই বদলে যেতে পারে নীতীশের মন। গতবার আরজেডি, কংগ্রেসের সঙ্গে মহাজোট করে ক্ষমতায় এসেছিলেন নীতীশ। হাওয়া বুঝে মহাজোট থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেছেন। কিন্তু বিজেপির হাওয়া খারাপ বুঝলে ট্র্যাক রেকর্ড অনুযায়ী পদ্মশিবিরের হাত ছাড়তেও সময় নেবেন না জেডিইউ নেতা নীতীশ। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ফের যদি তিনি অবিজেপি মহাজোট তৈরি করেন, তাহলে চাপে পড়বে গেরুয়া শিবির। এখানেও যে সেই একই ফাঁড়া! জেডিইউর প্রতীকচিহ্ন তির।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...