Wednesday, June 24, 2026

পৃথিবীর এখন গভীর অসুখ, তোমার ওখানে কি সূর্য উঠছে!

Date:

Share post:

সুমিত বন্দ্যোপাধ্যায়

রিহার্সালরুম এখন একা l দীর্ঘদিন একা l কোনও সংলাপ নেই l সংলাপ ভুলে যাওয়া নেই l দেরিতে পৌঁছানো নেই l এখন রিহার্সালের সময় নয় l এখন লড়াই l চুপ থাকার লড়াই l একা থাকার লড়াই আবার পাশে থাকারও লড়াই l আমরা তো একা থাকতে ভালোবাসি না l আমরা বন্ধু খুঁজি l তাদের সাথে নরম গল্প করতে করতে আমরা বাঁচার মানে খুঁজি l সমুদ্রের পাশে বসে আমরা জিনিসপত্রের দরদাম করি l দিদির জন্য, বৌদির জন্য, রাঙা পিসির জন্য, বাড়িতে ধুলো না মোছা টেবিলের জন্য সমুদ্রের পার থেকে নিয়ে আসতে চাই আশ্চর্য সব জিনিস l বলতে চাই আমি কীভাবে ঢেউকে তাড়া করে সমুদ্রে ফিরিয়ে দিয়ে এসেছিলাম l যেন হারিয়ে যাওয়া সন্তান l মায়ের হাত ছেড়ে পালিয়ে এসেছে সব ঢেউ l আমি ঢেউ তাড়াতে তাড়াতে দেখেছি বালির মধ্যে হুটোপুটি করছে সব রোদ l সেইসব রোদেরাই এখন আমার টেবিলে বসে আমাকে বলে যাচ্ছে, এখন পৃথিবীর গভীর অসুখ l আমি বিশ্বাস না করলে রোদ আমাকে ফোন খুলে সব ভিডিও দেখাচ্ছে l কত দূরের দূরের সব ভিডিও l কত দূর দূর দেশের সব ছবি l আমার মনে হচ্ছে যেন আমার শহরেরই সব ছবি l ভয়ে, আতঙ্কে, খিদেয় সব দেশ এখন কেমন এক হয়ে গেছে l ঐ ইতালি বা ফ্রান্সের ব্যালকনিতে দাঁড়িয়ে যে মেয়েটা গান গাইছে আর ভাবছে কবে আবার সে দোকান খুলে মায়ের জন্য নিয়ে আসতে পারবে তরমুজ, আমি এখানে বসেই তাকে ছুঁতে পারছি l তবু ছোঁয়া তো যাবে না l তাই নমস্কার করছি l নমস্কার, আমি এখানে থাকি l আমাদের এখানে এখন আস্তে আস্তে ভালো হচ্ছে সবকিছু l আস্তে আস্তে গাছে গন্ধরাজ ফুটছে l আস্তে আস্তে সবাই সবার কাছে পৌঁছে দিচ্ছে প্রিয় তরমুজ l তুমিই কি সকালবেলা উই শ্যাল ওভারকাম গাইছিলে? আমি এখন অ্যালার্ম দিই না তো, তোমার গান শুনেই ঘুম ভাঙলো l নমস্কার, তোমার ওখানে কি সূর্য উঠছে? আস্তে আস্তে…

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...