Thursday, May 7, 2026

ঘরে-বাইরে বহু ক্ষতি আর বেইজ্জত হয়ে নূপুর আর নবীনকে ‘লোক দেখানো’ শাস্তি দিল বিজেপি

Date:

Share post:

বিজেপির জন্য মুখ পুড়ল ঘরে-বাইরে, দেশে-বিদেশে। অবিশ্বাস জন্মাল পারস্পরিক সম্পর্কে, ক্ষতি হল বহু লক্ষ-কোটি টাকার ব্যবসার।

বিজেপির দুই নেতা-নেত্রী। একজন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। অন্যজন দিল্লি মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দল। সপ্তাহ খানেক আগে নূপুর টেলিভিশনে বসে পয়গম্বর সম্পর্কে কদর্য মন্তব্য করেন। দিন কয়েক পরে নূপুরের সুরেই নবীন ট্যুইট করেন। শুক্রবার দুজনকে ভারতীয় জনতা পার্টি শাস্তি দিয়েছে। নূপুর সাসপেন্ড, নবীন বহিষ্কৃত। তার সঙ্গে বিজেপির ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দুই মন্তব্যকে সমর্থন না করার বিবৃতিও প্রকাশ্যে এসেছে।

প্রশ্ন, কী এমন হলো যে পয়গম্বর সম্পর্কে কটূ মন্তব্য করায় বিজেপি দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল, বলা ভাল নিতে বাধ্য হলো! আসলে বেলাগাম মন্তব্য করতে করতে বিজেপি নেতারা তাল-জ্ঞান দুটোই হারিয়েছে। এর সঙ্গে রয়েছে এই সব মন্তব্যে দলের শীর্ষ নেতাদের চরম উস্কানি। দুই নেতার দুটি মন্তব্যের পরে দলের কোনও নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেননি। নিন্দা তো দূরের কথা। অন্যদিকে ধৈর্যের বাঁধ ভাঙে পশ্চিম এশিয়ার দেশগুলির। দেশে তো বটেই পশ্চিম এশিয়ার দেশগুলিতেও শুরু হয় ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড়। নিন্দায় শেষ হলে মিটে যেত। কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে পণ্য বয়কট, কূটনীতিকদের ডেকে পাঠানো, ভারতের প্রধানমন্ত্রীর ছবিতে কালি মাখানো সহ নানা ঘটনা। দিল্লি এই অনৈতিক কাজকে সমর্থন করে ভেবেছিল কিছু হবে না। কারণ,দলের রাজনৈতিক স্বার্থ তো আগে দেখতে হবে! ২০২৪-এগিয়ে আসছে। লোকসভা ভোটের আগে তীব্র মেরুকরণের যে প্রয়োজন রয়েছে। কিন্তু সে পথে যেতে গিয়ে শুধু দিল্লির মুখ পোড়েনি, পশ্চিম এশিয়ায় মাত্র কয়েক দিনেই কোনঠাসা হয়েছে ভারত।

কীভাবে মুখ পুড়ছে?

এক, ইরান, কাতার, কুয়েত সে দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে। সবচেয়ে ক্ষুব্ধ কাতার। তারা বলেছে এর জন্য ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই মুহূর্তে উপ্রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কাতার সফরে। তার মাঝে মোদি সরকারের এই কাজে বেজায় অস্বস্তিতে ভারত।

দুই, কাতার ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালকে ডেকে একটা নোট ধরিয়েছে। পরিস্কার বলেছে, এই ধরণের ইসলামবিদ্বেষী মন্তব্য শুধু উত্তেজনা ছড়াবে তাই নয়, মানবাধিকারের পক্ষেও বিপজ্জনক। এইসব মন্তব্য ইসলাম সম্বন্ধে অজ্ঞানতার ফসল।

তিন, আরবের দেশগুলিতে প্রতিবাদের ঝড়। সোদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহারিনে বিভিন্ন সুপার মার্কেট থেকে সব ভারতীয় জিনিস সরিয়ে ফেলে বয়কটের ডাক দেওয়া হয়।

চার, কুয়েতের জঞ্জালেএ ভ্যাটে পাওয়া গেল মোদির ছবি। তাতে কালি লাগানো।

 

পাঁচ, পরিস্থিতি সামাল দিতে দীপক মিত্তাল বিবৃতি দিয়ে জানান, এসব নেতাদের ফ্রিঞ্জ এলিমেন্ট বলে ব্যাখ্যা করে বহিষ্কারের কথা জানান। অর্থাৎ যাদের মন্তব্যে কোনও গুরুত্ব নেই। অথচ একজন দিল্লি মিডিয়া সেলের মাথা, অন্যজন জাতীয় মুখপাত্র এবং দিল্লির ভোটে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী!

ছয়, রাজস্থান, কর্নাটক, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। শাস্তি চাওয়া হয়েছে। নইলে আন্দোলন বাড়বে। সম্প্রতি মার্কিন কংগ্রেসেও বিদেশ দফতর ভারতের সংখ্যালঘুদের উপর হামলা, ভয় দেখানো নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। বিদেশে থাকা ভারতীয়রাও আতঙ্কে। ফলে সমস্যা ক্রমশ বেড়েছে।

 

সাত, দেশ-বিদেশের রাজনীতিকরা লক্ষ্য করেছেন, মোদি সরকার বিগত কয়েক মাস ধরে কাশী, মথুরা, উত্তরপ্রদেশে মন্দির-মসজিদ বিবাদ প্রকাশ্যে আনছে। যে ইস্যু ভারতে ছিল না, সেই ইস্যু তুলে খুঁচিয়ে ঘা করা হচ্ছে। এভাবেই জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়ার বিতর্ক শুরু করা হয়েছে। যা নিয়ে নূপুরের নোংরা মন্তব্য।

 

আট, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, গান্ধী হত্যাকারী গডসের প্রশংসা করায় সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দল থেকে তাড়ানো হবে। সে তো হয়নি, সাধ্বী এখনও গরম গরম কথা বলে চলেছেন। নূপুর বা নবীনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কোনও আশা দেখা যাচ্ছে না। মাস ছয়েক পড়ে তারা ফের দলে ফিরবে। ফের কটূ কথা বলবে।

 

নূপুর-নবীনের কাণ্ডে বিজেপির ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে বিজেপি নত হওয়া শিখেছে ভাবলে ভুল হবে। আসলে এখন ঠেলায় পড়ে বাবাজি বলছে। এক মন্তব্যে ভারতের বৈদেশিক সম্পর্ক, পশ্চিম এশিয়ায় ব্যবসা, বিশাল সংখ্যক ভারতীয়দের চাকরি, সব এক লহমায় অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে। ভারত কোনঠাসা হতে হতে ক্রমশ এক ঘরে হচ্ছিল। এই দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে আসতে নিঃশর্ত ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কিছু ছিল না। তাতে চিড়ে ভিজবে ভাবলে ভুল হবে। কারণ, পশ্চিম এশিয় সহ অন্যান্য দেশ বুঝেছে, ন’শো ইঁদুর মেরে বিড়াল এখন হজে চলেছে।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...