Monday, February 23, 2026

‘অপরাজেয় মাতৃভাষা’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

বাংলায় শিখে বাংলায় লিখে

বাংলায় গান গেয়ে

বাংলায় মরি বাংলায় বাঁচি
বাংলার নুন খেয়ে ।

তোমার বাংলা আমারও বাংলা
সকলেরই অধিকার
ভাষার অস্ত্রে ভেঙে ফেলো বেড়া
ছিঁড়ে ফেলো কাঁটাতার ।

কতগুলো প্রাণ বলিদান হলে
মাতৃভাষাটি বাঁচে
ভাষাকে বাঁচিয়ে ইতিহাস গড়া
বাঙালির জানা আছে ।।

ভাষার জিভে লাগাম পরাতে চাও কারা হে তোমরা মাতব্বর ! কত লোক আছে তোমাদের দলে ? কত অস্ত্র , কত শক্তি তোমাদের ? ভালো চাও তো যাও ফিরে যাও সংখ্যাগরিষ্ঠ আস্ফালনের খোঁয়াড়ে । মগজে শান দিয়ে ইতিহাস ঘাঁটো । পড়ো দুনিয়ার দেশে দেশে বিপন্ন ভাষাসমূহের অস্তিত্ব রক্ষার মরণপণ সংগ্রামের রক্তঝরা ইতিবৃত্ত । প্রতিটি অধ্যায় ঘেঁটে দেখে নাও প্রতিটি লড়াইয়ে কারা জয়ী ।

মানুষ যে ভাষায় স্বপ্ন দেখে সেই ভাষাই তার মাতৃভাষা । যে ভাষায় সে প্রথমবার ‘ মা ‘ ব’লে ডাকে সেই ভাষাই তার মাতৃভাষা । যে ভাষায় আধো আধো বুলি আউড়ে একটি শিশুর জিভের জড়তা কাটতে থাকে সেটিই তার মাতৃভাষা । এই ভাষাতেই শিশুটি চিৎকার করে , আদর জানায় , হাসে ও কাঁদে । এই ভাষাতেই মানুষ প্রেম নিবেদন করে , প্রতিবাদ জানায় , বিদ্রোহ করে , ধিক্কার জানায় , আবেগ প্রকাশ করে , কবিতা লেখে , গান গায় । সেই প্রাণের ভাষা , আনন্দ-বেদনার ভাষা , স্বপ্ন ও জাগরণের ভাষা আক্রান্ত অথবা বিপন্ন হলে যে কোনো ভাষা-সম্প্রদায়ের তথা জনগোষ্ঠীর অস্তিত্বই যেন টলমল করতে থাকে । ভাষা তো নাড়ির টান , রক্তের টান ।

ভাষা যে মানুষের বেঁচে থাকার এক অবিচ্ছেদ্য অবলম্বন। যেন শরীরেরই একটি ভীষণ জরুরি অঙ্গ । সেই ভাষার অস্তিত্ব বিপন্ন হলে কী হয় তা ইতিহাস ঘাঁটলেই জানা যায়।

ভাষা , সে ক্ষুদ্র কিংবা বৃহৎ জনগোষ্ঠীর হোক , ভাষা , সে সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের হোক , ভাষা বিপন্ন বা আক্রান্ত হলে অসমের বরাক উপত্যকা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বিপুল বিক্ষোভে ও বিদ্রোহে কেঁপে ওঠে । দিকে দিকে ফুঁসে ওঠেন ভাষাপ্রেমী ও ভাষার সন্তানেরা । রাষ্ট্রের পেশিশক্তি ও সংখ্যাগরিষ্ঠ ভাষাগোষ্ঠীর আগ্রাসনের রক্তচক্ষুকে উপেক্ষা ক’রে পথে নেমে পড়েন লাখো লাখো মানুষ , রক্ত ঝরে বিস্তর , পথে প’ড়ে থাকে মাতৃভাষাকে আঁকড়ে ধরে থাকা শহীদদের মৃতদেহগুলি ।
বেঁচে থাকে ভাষা অবিনশ্বর ।

আধিপত্যকামী ভিন্ন ভাষার আগ্রাসনের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে চলে তথাকথিত সংখ্যালঘু ভাষা । ভালোবাসার ভাষাকে এইভাবে , এমনকি কখনো কখনও অসম যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় । নিজের ও নিজেদের প্রাণের ভাষাটি বাঁচিয়ে রাখার জন্য এই তুমুল সংগ্রাম , এমন মরণপণ লড়াই পৃথিবীর দেশে দেশে কালের পর কাল চলতেই থাকে বিরামহীন ।
ভাষা তো আর নিছকই ভাবপ্রকাশের মাধ্যমমাত্র নয় ।

যে কোনো ভাষার রয়েছে অসীম ক্ষমতা । ক্ষুদ্রাতিক্ষুদ্র কীটানুকীটের কোনো প্রজাতির বিলুপ্তি যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক , ঠিক তেমনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে কোনো জনগোষ্ঠীর নিজস্ব ভাষাও যে কোনো মূল্যে রক্ষা করতে হয় , না হলে মানবসম্পর্কের তথা বিশ্বসভ্যতার ভারসাম্যের ভিত টলে যায় । এক অর্থে যে কোনো ভাষার বিলুপ্তি মানবসভ্যতার পক্ষে বিপজ্জনক । শুধু তো মায়ের গর্ভেই নয় , মানুষ তো ভাষার গর্ভেও জন্মগ্রহণ করে , তাই ভাষাও তো ভিন্নার্থে মানবজননী । মানুষ কি ভাষার সন্তান নয় ? মা-জননীর ওপর নির্যাতন হলে সন্তান কখনোও চুপ থাকতে পারে ? ভাষা কখনও জোর করে চাপিয়ে দেওয়া যায় না । তাই মাতৃভাষাকে বাঁচাতে প্রাণ দিতে প্রস্তুত থাকে ভাষার সন্তান । মনে রাখতে হবে কারোর মুখের ভাষা উৎখাত ক’রে অন্য ভাষা জোর ক’রে গুঁজে দেওয়ার মতো ভয়ঙ্কর অন্যায় আর কিছু হতে পারে না ।

পরিশেষে এটাই বলার যে কোনো ভাষাই তুচ্ছ নয় । নিজের মাতৃভাষায় কথা বলাটা সব মানুষেরই জন্মগত অধিকার । সেই অধিকার কেউ কোনোভাবেই কেড়ে নিতে পারে না । সেই অর্থে কোনো ভাষাই সংখ্যালঘু নয় । সংখ্যাগরিষ্ঠ ভাষাগোষ্ঠীর আগ্ৰাসনে তথাকথিত সংখ্যালঘু ভাষাগুলো বিপন্ন , নিপীড়িত অথবা বিলুপ্ত হয়ে যাবে এটা কখনোই কাম্য নয় । সমস্ত ভাষাই স্বকীয় বৈশিষ্ট্যে ও স্বতন্ত্র মর্যাদায় সমবেতভাবে মানবসভ্যতার জয়গানে মুখরিত হয়ে উঠুক ।

প্রাণের উচ্ছ্বাসে উচ্চারিত ও উদ্ভাসিত হোক সকলের প্রাণের মাতৃভাষা ।

আরও পড়ুন- “বিধবা রক্ষি*তার সঙ্গে ফুর্তি! সাংসদ স্বামীকে নিয়ে বি*স্ফোরক সুজাতা

 

 

spot_img

Related articles

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...