Friday, May 1, 2026

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

Date:

Share post:

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোট গ্রহণ করা হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এর মধ্যে বীরভূম জেলায় প্রথম দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিজেপি মনোনীত প্রার্থী অনুপ কুমার সাহা ভোট প্রচারে গিয়ে হঠাৎই এক ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হন—নাপিতের ভূমিকায়!

ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের একটি গ্রামে। প্রচারের সময় অনুপ সাহা লক্ষ্য করেন, এক গ্রামবাসী মাটিতে বসে রয়েছেন। তিনি এগিয়ে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং জানতে চান তিনি সেখানে বসে কী করছেন। উত্তরে ওই ব্যক্তি জানান, সেদিন কোনও কাজ পাননি, তাই সময় কাটানোর জন্য দাড়ি-গোঁফ কাটার কথা ভাবছিলেন।

এরপরই অপ্রত্যাশিতভাবে প্রার্থী নিজেই হাতে তুলে নেন রেজার, সাবান ও ব্লেড। উপস্থিত সকলকে অবাক করে দিয়ে তিনি নিজেই অত্যন্ত যত্ন সহকারে ওই ব্যক্তির দাড়ি ও গোঁফ কেটে দেন। পুরো ঘটনাটি সেখানে উপস্থিত এক যুবক মোবাইল ফোনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তারপরেই সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন, ভোটের সময় এ ধরনের মানবিক উদ্যোগ বা প্রচার কৌশল নতুন কিছু নয়—এভাবেই সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেন প্রার্থীরা। আবার অন্য একাংশের মতে, এই ঘটনাই প্রমাণ করে বিজেপি প্রার্থী সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং তাদের দৈনন্দিন সমস্যার কথাও ভাবেন।

তবে রাজনৈতিক কটাক্ষও কম হয়নি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই ঘটনাকে কড়া ভাষায় সমালোচনা করেছে। তাদের দাবি, এ ধরনের কাজ আসলে ভোটারদের প্রভাবিত করার কৌশল মাত্র এবং এতে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। তারা আরও দাবি করেছে, মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন—এবারও রাজ্যে তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে এবং ২৯৪টি আসনের মধ্যে সর্বাধিক আসন তাদের ঝুলিতেই যাবে।

প্রসঙ্গত, দুবরাজপুর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন বিদায়ী তথা জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা। তাঁর দাবি, সারা বছর তিনি মানুষের পাশে থেকে জনসংযোগের মাধ্যমে কাজ করে গিয়েছেন এবং নিজের বিধানসভা এলাকায় যা যা করণীয়, তা সাধ্যমতো করার চেষ্টা করেছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবার নির্বাচনে লড়ছেন নরেশ চন্দ্র বাউরী। তিনি একসময় ওই এলাকারই বিধায়ক ছিলেন। তবে গতবার বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় ধীরে ধীরে তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ মহলে যোগ দেন এবং রাজনৈতিকভাবে নতুন সমীকরণ তৈরি করেন। সেই পরিবর্তিত সমীকরণের ফলস্বরূপই এবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

এই প্রেক্ষাপটে দুবরাজপুরে বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষই জোরদার প্রচারে নেমেছে। একদিকে অনুপ সাহার এই ব্যতিক্রমী প্রচার কৌশল, অন্যদিকে নরেশ বাউরীর রাজনৈতিক প্রত্যাবর্তন—সব মিলিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র এখন অত্যন্ত চর্চিত ও নজরকাড়া লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। ভোটের ফলাফল কী হবে, তা সময়ই বলবে, তবে আপাতত এই ‘দাড়ি কাটা’ ঘটনাই নির্বাচনী প্রচারের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠেছে।

আরও পড়ুন- থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

_

 

_

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...