টলিপাড়ার ‘রাজার রাজা’ এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার ‘দেশু ৭’-এ (DeSu 7) অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) এন্ট্রির খবর। পাশাপাশি অনুরাগীদের চমক দিয়ে এই ছবি নিজে পরিচালনা করতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)!


প্রথমে ছিলেন অভিনেতা, তারপর হলেন সাংসদ – অভিনেতা। এরপর প্রযোজনা সংস্থা শুরু। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। দেব-শুভশ্রী (DeSu) জুটির আগামী ছবিতে এরকম একটা ইঙ্গিত ছিল, এবার জল্পনায় সিলমোহর। সম্প্রতি টলিউডের বৈঠকে দেব (Dev )সমস্ত পরিচালক এবং শিল্পীদের উপর থেকে ব্যান তোলার আবেদন করেন আর্টিস্টস ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেব জানান ডিরেক্টরস গিল্ড ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে। এরপরই জানা গেল ‘দেশু ৭’-এ অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেব (Dev) যেভাবে নিষিদ্ধ হয়ে যাওয়া শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন তাতে এরকম একটা আন্দাজ করা যাচ্ছিল। যদিও অভিনেতা নিজে বারবার বলেছেন তিনি একা অনির্বাণের কথা ভেবে এ কাজ করছেন না। কিন্তু দেড় বছর ধরে যে সমস্যা চলছিল তার এতদিন সমাধানে এগিয়ে না এসে, হঠাৎ নিজের ছবির কাজ শুরু করার আগে ‘বয়কট সংস্কৃতি’ তুলে দেওয়ার ব্যাপারে দেবের তৎপরতা বুঝিয়ে দিচ্ছিল বিশেষ কোনও উদ্দেশ্যের কথা। এবার ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে গেল।


‘ধূমকেতু’র পর দেব-শুভশ্রীর (Dev & Subhashree Ganguly) একসঙ্গে কাজ করার ঘোষণা হতেই ‘দেশু ৭’ -এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট সোল্ড আউট।এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি বসে কথা বলতে দেখা যাচ্ছে।


শুভশ্রী বলেন, ‘আবার ৭২ ঘণ্টা! তুমি থামবে না?’ জবাবে দেব বলেন, ‘যেদিন থেমে যাব, সেদিন শেষ হয়ে যাব।’ এরপরই শুভশ্রী বলেন, ‘আমি আজ খুব উত্তেজিত। তোমার প্রথম প্রযোজনায় আমি। আবার তোমার প্রথম…. সেটা পরে বলব। আগে বলো আমাদের ছবিতে কি ও থাকছে?’ দেব জানতে চান, ‘ও মানে?’ এরপরই অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যায়। তিনি আসতেই দেব বলেন ‘জুন, জুলাই, অগাস্ট ডেট ফাঁকা আছে?’ অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে অনির্বাণ দেব- শুভশ্রী জুটির সপ্তম ছবিতে শুধু থাকছেন এটাই নয় আগামী দু-তিন মাসের মধ্যেই শুটিংয়ের কাজও শুরু হতে চলেছে। নববর্ষে এই ছবির নাম ঘোষণা করতে পারেন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার দেব (Dev)।


–

–

–

–

–
–
–
