Monday, March 23, 2026

স্পিকারের পরামর্শে MLA হোস্টেলে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করলো কলকাতা পুলিশ

Date:

Share post:

এবার বিধায়ক আবাসন বা MLA হোস্টেলে কোনও বিধায়কের নিরাপত্তারক্ষী (Security) আগ্নেয়াস্ত্র (Arms) নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিধানসভার স্পিকার (Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ান হোন কিংবা রাজ্য পুলিশ, যাঁরাই বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদের সকলের ক্ষেত্রে একই নির্দেশ প্রযোজ্য। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাইফ আকাশ মাগারিয়া সংবাদ মাধ্যমকে জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনও ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না বিধায়ক আবাসনে।

প্রকারভেদে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের। রাজ্য পুলিশের কাছে যেমন নাইন এম এম রিভলবার থাকে, আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে থাকে একে-৪৭ ও ইনসাসের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এখন থেকে সব ধরনের আগ্নেয়াস্ত্রই বাইরে থাকবে।

জানা গিয়েছে, রিভলবারের মতো ছোট আকারের আগ্নেয়াস্ত্র রাখার জন্য MLA হোস্টেলের গেটের একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সেখানে সিসিটিভি নজরদারিতে থাকা একটি ঘরে থাকবে আলমারি। যেখানে ছোট আগ্নেয়াস্ত্র রাখা যাবে। তা দিনভর পর্যবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। আবার বড় আগ্নেয়াস্ত্র জমা রাখা যাবে নিকটবর্তী পার্ক স্ট্রিট থানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মনে করলে তাঁদের আগ্নেয়াস্ত্র পার্ক স্ট্রিট থানায় রাখতে পারেন। আবার বারাক বা আলাদা যদি কোনও জায়গা থাকে, সেখানেও আগ্নেয়াস্ত্র রেখে আসতে পারেন তারা, কিন্তু হোস্টেলে কোনওভাবেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, আজ, শুক্রবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু। সেখানে উপস্থিত থাকবেন সব দলের বিধায়করা। কলকাতা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী জেলার বিধায়কদের থাকার জন্য ব্যবস্থা MLA হোস্টেল রয়েছে পার্ক স্ট্রিটে। অধিবেশনে যোগ দিতে বা বিশেষ কাজে কলকাতায় এলে হস্টেলে থেকে যান দূরের জেলার বিধায়করা। তাঁদের সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরাও। এবার সেই সব নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...