কেন্দ্রীয় সরকার যখন তাদের কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছে, তখন তার উল্টো পথে হেঁটে আরও বেশি সংখ্যক মানুষকে অবসরকালীন নিরাপত্তার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। আরও বেশি সংখ্যক পেনশন প্রাপকের পরিবারকে রাজ্য সরকারি পেনশন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়িয়ে এবার আরও বেশি পরিবারকে এর আওতায় নিয়ে আসা হবে।

অর্থ দফতর এ বিষয়ে বিজ্ঞপ্তি জরি করে জানিয়েছে, এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। এর ফলে রাজ্যের প্রায় ৭ লক্ষ পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।প্রসঙ্গত, সাম্প্রতিক কালে পেনশন, পারিবারিক পেনশনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ ৫০০ টাকা।পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬০,৩০০ টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্র্যাচুইটিও ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশনভোগীর বয়স ৮০ বা তার বেশি হলে তিনি নতুন মূল পেনশনের ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত পাবেন। ৮০ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত মিলবে ২০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৮৫ থেকে ৯০ বছর বয়স পর্যন্ত ৩০ শতাংশ, ৯০ থেকে ৯৫ বছর বয়স পর্যন্ত ৪০ শতাংশ, ৯৫ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ এবং শতায়ুরা মূল পেনশনের দ্বিগুণ বাড়তি হিসেবে পাবেন।











