Friday, May 15, 2026

বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা, টুইটে অভিনন্দন মমতা-অভিষেকের

Date:

Share post:

বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashbant Sinha)। মঙ্গলবার, দিল্লিতে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) ডাকে বৈঠকে বসেন বিজেপি-বিরোধীদলের নেতৃত্ব। তৃণমূলের (TMC) পক্ষ থেকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলা আড়াইটে নাগাদ বৈঠক শুরু হয়। এরপর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jayram Ramesh) সাংবাদিক বৈঠক করে বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজন এমন প্রার্থীকে স্থির করা হয়েছে, যিনি মোদি সরকারের জনবিরোধী কাজে রাশ টানতে পারবেন। এদিনের বৈঠকে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে আবেদন জানান জয়রাম রমেশ। এদিকে নাম ঘোষণার পরেই, যশবন্ত সিনহাকে টুইটে অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত সিনহা।

১৮টি বিরোধীদলের বৈঠকে ছিল এনসিপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আরজেডি-সহ অন্যান্য দল। এদিনের বৈঠকে যোগ দেয় ওয়েইসির ‘মিম’-ও। ছিলেন, শরদ পাওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সিং সুরজেওয়ালা, তিরুচি শিবা, সীতারাম ইয়েচুরি, জয়রাম রমেশ, এনকে প্রেমচন্দ্রন, ডি রাজা, মনোজ ঝা, ইমতিয়াজ জলিল, রামগোপাল যাদব, সুধীর কুলকার্নি, প্রফুল্ল পটেল প্রমুখ। বিরোধী প্রার্থীকে সমর্থন জানিয়েছে AAP ও TRS- জানান শরদ পাওয়ার। এদিনের বৈঠকে যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

ঘোষণার পরেই টুইট করে যশবন্ত সিনহাকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন,
“আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সকল প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার জন্য আমি যশবন্ত সিনহাকে অভিনন্দন জানাই।
তিনি সম্মানিত এবং বিজ্ঞ একজন মানুষ। তিনি অবশ্যই আমাদের মহান জাতির মূল্যবোধকে সমুন্নত রাখবেন!”

অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,
“আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন।
আমার দৃঢ় বিশ্বাস, যে সমস্ত প্রগতিশীল দল আমাদের মতো জাতির জন্য একই দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাদের জন্য এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না!“

এদিন সকালেই একটি টুইটে বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা লেখেন, “তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।“ তাঁর এই টুইটের পরই জল্পনা শুরু হয় বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম নিয়ে। এর আগে, শরদ পাওয়ার ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম শোনা যায় বিরোধী জোটের প্রার্থী হিসেবে। কিন্তু তাঁরা সম্মত না হওয়ায় সিলমোহর পড়ল যশবন্তের নামেই।


Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...