টানা পাঁচদিন অনশনে সাত জুনিয়র চিকিৎসক। একদিন পরে অনশনে যোগ দিলেও আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা বেশি খারাপ। এই পরিস্থিতিতে অনশনরত চিকিৎসকদের অনশন মঞ্চ ছেড়ে হাসপাতালে চিকিৎসার সাহায্য নেওয়ার আর্জি কলকাতা পুলিশের। সেই সঙ্গে বেআইনিভাবে মঞ্চ তৈরি করে ধর্মতলায় বসে থাকা চিকিৎসকদের উঠে যাওয়ারও আবেদন জানায় কলকাতা পুলিশ।


অনশন মঞ্চের বাইরে বোর্ডে অনশনকারী চিকিৎসকদের শারীরিক অবস্থার বিবরণ দেওয়া চলছে ক্রমাগত। এই পরিস্থিতিতে বুধবার কলকাতা পুলিশের তরফে একবার অ্যাম্বুল্যান্সের সাহায্য নেওয়ার আবেদন জানানো হয়েছিল। ফিরিয়ে দেন আন্দোলনকারীরা। হাল ছাড়েনি পুলিশ। বৃহস্পতিবার ফের হাসপাতালে যাওয়ার আবেদন জানানো হল।

আর জি কর হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে অনশনে অসুস্থ হওয়া জুনিয়র চিকিৎসকদের জন্য। ইতিমধ্যেই অনিকেতের কিডনি ও লিভারে সমস্যা শুরু হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হল পুলিশের তরফে। চিঠি দিয়ে অনশন মঞ্চ ছাড়া ও হাসপাতালে যাওয়ার আবেদন জানানো হল।


বৃহস্পতিবার একদিকে যখন জুনিয়রদের অনশন ভাঙতে মঞ্চে গিয়ে আবেদন জানান সিনিয়র চিকিৎসকরা, তখনই এসএসকেএম হাসপাতালে ফের গণইস্তফার হিড়িক। ইস্তফার কাগজে সই করলেন সেখানকার সিনিয়র চিকিৎসকরা। যদিও ইস্তফা পাওয়ার কথা নবান্নর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।













