অপরেশন সিঁদুরে (Operation Sindoor) ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। আগামী মঙ্গলবার বিধানসভার আগামী অধিবেশনের দ্বিতীয় দিনে এই সরকারি প্রস্তাব নিয়ে দুঘন্টা আলোচনা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) জানিয়েছেন।

আগামী সোমবার থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। সপ্তাহ দুয়েক চলবে অধিবেশন। দ্বিতীয় দিনেই ওই প্রস্তাবের উপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ঐদিনের আলোচনায় অংশ নেবেন বলে অধ্যক্ষ (Speaker) জানিয়েছেন। বিধানসভার অধিবেশন শুরুর আগে শুক্রবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদার একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিজেপি। এই প্রসঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধিমাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।
এই অধিবেশনে ওবিসি সংরক্ষণ (OBC reservation) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, রাজ্যপাল (Governor C V Ananda Bose) একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে। বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্টও এই অধিবেশনে উপস্থাপিত হবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এই রিপোর্টগুলিতে স্থান পাবে। ফলে এই অধিবেশন রাজনৈতিক মতপার্থক্য ছাড়াও একাধিক বাস্তবমুখী ও প্রশাসনিক আলোচনার ক্ষেত্র হতে চলেছে।

–

–

–

–

–
–
–
–
–
–
–
