দিল্লির (Delhi) নিজামুদ্দিন এলাকায় মর্মান্তিক ঘটনা, পার্কিং নিয়ে বচসার জেরে খুন হতে হল বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) দাদা আসিফ কুরেশিকে (৪২)! বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে। সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রীর বাবা সেলিম কুরেশি বলেন “দু’জন ছেলে বাড়ির সামনে স্কুটার রেখে দিয়েছিল। আসিফ তাঁদের বলেছিল যেন গাড়ি সরিয়ে নেয়। ওরা দু’জন মিলে আমার ভাইপোকে খুন করল।” কান্নায় ভেঙে পড়েছেন আসিফের স্ত্রী শাহিন।

দরজার সামনে থেকে গাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন আসিফ। ভাবতেও পারেননি এই একটা কথার জন্য প্রাণ খোয়াতে হবে তাঁকে। শাহিন জানিয়েছেন, “রাত ৯.৩০ থেকে ১০টা নাগাদ আমাদের বাড়ির একেবারে সামনে একটি স্কুটার পার্ক করেন এক প্রতিবেশী। আমার স্বামী তাঁকে অনুরোধ করেন যেন গাড়িটি একটু সরিয়ে নেওয়া হয়। কিন্তু ব্যক্তি গালিগালাজ শুরু করেন এবং হুমকি দেন ফিরে এসে দেখে নেবেন।” কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি তাঁর ভাইকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। আসিফের উপরে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আসিফ। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি অভিনেত্রী দাদাকে। রাজধানীর বুকে এমন ঘটনায় নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন নাগরিকরা। তদন্তে নেমেছে পুলিশ (Delhi Police)। খুনের ঘটনার সঙ্গে পুরনো কোনও শত্রুতা জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
