Wednesday, June 3, 2026

রাত পোহালেই মাধ্যমিক! প্রশ্নফাঁস রুখতে কড়া পর্ষদ, পরীক্ষার্থীদের সহায়তায় পথে পুলিশ 

Date:

Share post:

রাত পোহালেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার কোমর বেঁধে নেমেছে মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে নারাজ কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার পাশাপাশি কেন্দ্রের চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা কি না, তাও নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় গতবারের মতো এবারও থাকছে কিউআর কোড।

পর্ষদের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কাছে আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। কেন্দ্রের ভেতরে অভিভাবকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ফোন নিয়ে কেউ ধরা পড়লে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে— সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। শুধু মোবাইল নয়, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটরের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়েই পরীক্ষাকক্ষে ঢোকা যাবে না। এমনকি দুপুর ২টোয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে বাইরে বেরোনোর ওপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। টোকাটুকি বা নকল রুখতেও বিশেষ নজরদারি দল মোতায়েন থাকছে।

এদিকে পরীক্ষার্থীদের যাতায়াত ও সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কলকাতা পুলিশের তরফে একটি হেল্পলাইন নম্বর (৯৪৩২৬১০০৩৯) চালু করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে কোনও সমস্যায় পড়লে বা বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসার মতো বিপত্তি ঘটলে এই নম্বরে ফোন করলেই পুলিশকর্মীরা সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পরিবহণ দফতরও ১৫টি রুটে ২০টি অতিরিক্ত বাস নামানোর কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি আরামবাগ, তারকেশ্বর ও চাঁপাডাঙ্গা এলাকায় লোকাল ও এক্সপ্রেস বাস পরিষেবা স্বাভাবিক থাকবে। জরুরি অবস্থায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত চিকিৎসা পাওয়া যায়, তার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অ্যাম্বুলেন্স মজুত রাখা হচ্ছে।

পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে পর্ষদ। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ০৩৩-২৩২১৩৮২৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৪। এছাড়াও আঞ্চলিক স্তরে কলকাতা (০৩৩-২৩২১৩৮১১), মেদিনীপুর (০৩২২২-২৭৫৫২৪), বর্ধমান (০৩৪২-২৬৬২৩৭৭) ও উত্তরবঙ্গের (০৩৫৩-২৯৯৯৬৭৭) জন্য পৃথক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। জরুরি যোগাযোগের জন্য প্রেসিডেন্ট ইউনিট ও সচিব ইউনিটের নম্বরও সচল থাকছে।

আরও পড়ুন – সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...