গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই প্রায় ৮০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের দফতরে হাজার হাজার ‘ফর্ম ৬’ জমা পড়ছে। এই ঘটনাকে ঘিরেই বুধবার যাদবপুর এইট বি মোড়ে সরব হল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’।

রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর নেতৃত্বে গঠিত এই সংগঠনের মূল অভিযোগ, ভোটার তালিকায় এই বিপুল পরিমাণ নতুন নাম অন্তর্ভুক্তির নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে। বুধবারের এই পথসভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশন এবং বিজেপির ‘ষড়যণন্ত্র’ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা। এদিন সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুশান রায়। শিল্পী সৈকত মিত্র, পর্ণাভ বন্দ্যোপাধ্যায় ও অমিত কালীর প্রতিবাদী গানের মধ্য দিয়ে শুরু হয় জনসচেতনতামূলক এই কর্মসূচি।

সভায় উপস্থিত বিশিষ্টজনেরা প্রশ্ন তোলেন, হঠাৎ করে এত বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ার কারণ কী? প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, পরিচালক হরনাথ চক্রবর্তী, শিল্পী দেবজ্যোতি বসু এবং অভিনেত্রী সোমা চক্রবর্তীদের দাবি, ভিন রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে কি বাংলার ভোটের ফলে প্রভাব ফেলার চেষ্টা করছে বিজেপি? অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীনও এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

যাদবপুরের এই প্রতিবাদী সভায় বিজেপির ভূমিকার সমালোচনা করে উপস্থিত ছিলেন প্রদীপ্ত গুহঠাকুরতা, বর্ণালী মুখোপাধ্যায়, সুতপা বন্দ্যোপাধ্যায়, এলফিনা মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়জিৎ মিত্র, সিদ্ধব্রত দাস এবং সুমন ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরা। বক্তাদের অভিযোগ, তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং নতুন করে বিপুল আবেদন জমা পড়ার এই সমীকরণটি মোটেও স্বাভাবিক নয়। সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে এই ধরণের ‘অস্বাভাবিক’ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। গানে ও কথায় নাগরিক সমাজ এদিন স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই ভোটার তালিকার এই অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন – আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

_

_

_

_
_
_
