বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন ভাবে রাজনৈতিক মঞ্চ এড়িয়ে চলা অভিনেতা জিতের (Jeet) উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক জল্পনা শুরু হয়েছে। এর আগে সমাজমাধ্যমে টলিউডের ‘বস’ স্বাগত জানিয়েছিলেন বিজেপি সরকারকে। এবার সটান হাজির হলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে। জিৎ (Jeet) কি তাহলে বিজেপিপন্থী? অফিসিয়ালি গেরুয়া দলে যোগ দিতে চলেছেন? চর্চা,জল্পনা বাড়তেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সুপারস্টার।

সরকারি অনুষ্ঠানে সাধারণত শিল্প-সাহিত্য- সংস্কৃতি জগতের বিভিন্ন বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। পঁচিশে বৈশাখ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই একই ছবি। তবে টলিপাড়ার তারকাদের উপস্থিতির বিষয়টায় আলাদা করে নজর ছিল সকলেরই। এতদিন ধরে যাঁদের তৃণমূলের মঞ্চে দেখা যেত তাঁরা কি এই অনুষ্ঠানে যাবেন? নাকি নতুন কোন মুখ দেখা যেতে পারে? এইসব জল্পনা আলোচনার মাঝেই শিরোনামের চলে এলেন অভিনেতা জিৎ। ব্রিগেডের (Brigade Parade Ground) অনুষ্ঠানে হাসিমুখে প্রথম সারির ভিভিআইপি আসনে দেখা গেল তাঁকে। শুধু তাই নয় বিজেপির নেতা- নেত্রীদের সঙ্গে ছবিও তুললেন। রাজনৈতিক মঞ্চে তথাকথিত ‘অরাজনৈতিক তারকা’কে ঘিরে চর্চা শুরু হতেই নিজের কাজের স্বপক্ষে যুক্তি দিলেন বাংলা বিনোদন জগতের অন্যতম বিখ্যাত অভিনেতা। সমাজমাধ্যমে জিৎ (Jeet) লেখেন, “জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি।” পাশাপাশি সুপারস্টার মনে করিয়ে দিয়েছেন যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তাই আপাতত গায়ে রাজনৈতিক রং লাগানো যে তিনি মোটেই সমর্থন করছেন না, সেটা স্পষ্ট।

–

–

–

–

–

–
–
–

