নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে দিল নবান্ন (Nabanno)। সোমবার নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) তাঁদের হাতে নির্দিষ্ট দফতরের দায়িত্ব তুলে দেন। সোমবারের এই সিদ্ধান্তের পর দেখা যাচ্ছে অভিজ্ঞ এবং নবীন—উভয় প্রজন্মের মেলবন্ধন ঘটানো হয়েছে মন্ত্রিসভায়। দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে তাঁর অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে নবান্ন। অগ্নিমিত্রা পালের হাতে তুলে দেওয়া হয়েছে নারীকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। উত্তরবঙ্গের রাজনীতির পরিচিত মুখ নিশীথ প্রামাণিক পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব। অশোক কীর্তনীয়া ক্ষেত্র খাদ্য দফতরের দায়িত্ব সামলাবেন। ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দফতরের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আরও পড়ুন: ‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু
সোমবারেই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সংবাদমাধ্যমকে এই দফতর বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনৈতিক মহলের মতে, প্রথম বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, জনহিতকর কাজে প্রশাসনকে দ্রুত গতিতে সচল করতে চায় নতুন সরকার। শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ছিল। এই দফতর বণ্টনের মধ্য দিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে নির্দিষ্ট রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এখন দেখার, নতুন এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ দফতরে প্রশাসনিক সংস্কারে কী কী উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন।

–

–

–

–

–

–
–
–
