মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। আগামী দু’সপ্তাহের মধ্যে এই সবকটি দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Thalapathy Vijay) এই সিদ্ধান্ত নিয়েছেন।’
তামিলনাড়ুতে রাজ্য সরকার পোষিত সংস্থা ‘টাসম্যাক’ রাজ্যে মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমোদন দিয়ে থাকে। এই সংস্থার অনুমোদিত মোট ৪,৭৬৫টি দোকান রয়েছে তামিলনাড়ুতে। সেগুলির মধ্যে ৭১৭টি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। দোকানগুলির মধ্যে ২৭৬টি ছিল ধর্মীয় স্থানের খুব কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ছিল এমন ১৮৬টি মদের দোকান। আর বাসস্ট্যান্ডের নিকটবর্তী ছিল ২৫৫টি দোকান।

এর আগে TASMAC-র কাজকর্ম নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED তল্লাশি চালিয়েছিল। চলতি বছরের মার্চে ED দাবি করেছিল, TASMAC বা সরকারি মদের ব্যবসায় প্রায় ১,০০০ কোটি টাকার গরমিল রয়েছে। এমনকী মদের বোতল পিছু ১০ থেকে ৩০ টাকা বেশি নেওয়ার প্রমাণ মিলেছে বলেও কেন্দ্রীয় সংস্থা দাবি করেছিল।

তবে এই সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজস্বে বড় প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ, মদের বিক্রি হওয়া রাজস্ব রাজ্য সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। অতীতে রাজস্ব ক্ষতির আশঙ্কায় বৃহৎ পরিসরে মদের দোকান বন্ধ করতে অনীহা দেখিয়েছিল আগের সরকারগুলি। ফলে, এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

–

–

–

–
–
